শাপমুক্তির পর প্রেমিককে আলিঙ্গন সাবালেঙ্কার
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫৬
অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন আরিনা সাবালেঙ্কা। হেরেছিলেন উইম্বলডনের সেমিফাইনালেও। ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শাপমুক্তিই হল সাবালেঙ্কার। জিতলেন ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা।



এরপর শাপমুক্তির আনন্দে সাবালেঙ্কা দৌড়ালেন গ্যালারিতে। সেখানে ছিলেন প্রেমিক জর্জিয়স ফ্রানগুলিস। তাকে সেখানেই আলিঙ্গন করে চুমু খেলেন সাবালেঙ্কা। ব্রাজিলের নাগরিক ফ্রানগুলিস ব্যবসায়ী। গ্যালারি থেকে সাবালেঙ্কাকে উৎসাহ দিচ্ছিলেন তিনি। দুজনের আলিঙ্গনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।



পরে সাংবাদিক সম্মেলনে সাবালেঙ্কা জানিয়েছেন, ফ্রানগুলিসের বিপক্ষে বাজি জিতেছেন তিনি। সাবালেঙ্কা হাসতে হাসতে বলছিলেন , ‘ওর সঙ্গে বাজি ধরেছিলাম, যদি আমি ইউএস ওপেন জিততে পারি, তা হলে এই ট্রফির উল্কি ও নিজের পেছনে করাবে। আমি বাজি জিতে গেছি!’



২০২৪ সালে সাবালেঙ্কার তৎকালীন প্রেমিক কনস্টানটাইন কলসভের মৃত্যু হয়। তদন্তে জানা যায়, আত্মঘাতী হয়েছেন তিনি। কসলভ আইস হকি খেলতেন। তার মৃত্যু সাবালেঙ্কাকে ধাক্কা দিয়েছিল। কয়েক মাস কোর্টে নামতে পারেননি তিনি। ধীরে ধীরে আবার খেলায় ফেরেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। তখনই ফ্রানগুলিসের সঙ্গে তার পরিচয়। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সাবালেঙ্কা জানিয়েছেন, সেই কঠিন পরিস্থিতি থেকে তাঁকে বার করে এনেছিলেন ফ্রানগুলিস। তার কারণেই আবার স্বাভাবিক হতে পেরেছেন তিনি।
- বিষয় :
- আরিয়ানা সাবালেঙ্কা
- টেনিস
- ইউএস ওপেন
