দিল্লির মানুষকে আমরা বুঝাতে পারিনি: গম্ভীর
ছবি: রিপাবলিক ওয়াল্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১০
ক্রিকেট ছেড়েই রাজনীতির মাঠে নেমে পড়ে ভারতের হয়ে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। বিজেপির টিকিট পেয়ে পূর্ব দিল্লি থেকে সাংসদও নির্বাচিত হন। লড়ছেন বিধানসভা নির্বাচনেও। কিন্তু দিল্লিতে গম্ভীর তথা বিজেপির ভরাডুবি একপ্রকার নিশ্চিত। বিষয়টা অনুধাবন করে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বললেন, আমরা দিল্লির মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি।
সংবাদমাধ্যম এএনআই-কে সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বলেছেন, 'দিল্লি নির্বাচনের ফলাফল আমরা মেনে নিয়েছি। অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির জনগণকে আমার শুভেচ্ছা। নির্বাচনে জিততে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। হয়তো আমরা দিল্লির মানুষকে বুঝিয়ে উঠতে পারিনি। অরবিন্দ কেজরিওয়ালার নেতৃত্বে দিল্লি উন্নতির শিখরে পৌঁছবে দিল্লি এই প্রত্যাশা করছি।’
দিল্লির বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে আছে আম আদমি পার্টি। তৃতীয়বারের মতো দিল্লির নেতৃত্ব নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে তাদের উদযাপনও এক প্রকার শুরু হয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেজরিওয়ালার এগিয়ে থাকাকে গণতন্ত্রের জয় বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষ উন্নয়ন চায়। শান্তি চায়। বিজেপি সব সময় বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। হিংসার রাজনীতি করছে। এটা ভালো ভাবে নেয়নি মানুষ। সেই কারণেই মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লিতে একে একে হারের মুখ দেখেছে বিজেপি। লোকসভা ভোট ছাড়া যেখানেই ভোট হয়েছে, সেখানেই হেরেছে বিজেপি।'
- বিষয় :
- বিধানসভা নির্বাচন
- বিজেপি
- হারের পথে
- গৌতম গম্ভীর
