টি-২০ অবসরের ইঙ্গিত ওয়ার্নারের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩০
টি-২০ ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্থান ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চাপানোর আগেই বিভিন্ন টি-২০ ফ্রাঞ্চাইজি মাতিয়েছেন অজি ওপেনার। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ওয়ানডে এবং টেস্ট। অথচ মারকুটে এই ব্যাটসম্যান ওয়ানডে-টেস্টের আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন।
অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার নিষেধাজ্ঞা থেকে ফিরে দারুণ ক্রিকেট খেলেছেন। সোমবার দেশটির বর্ষসেরা ক্রিকেটার হওয়ায় তাকে দেওয়া হয়েছে অ্যালান বোর্ডার মেডেল। বর্ষসেরা টি-২০ ক্রিকেটারও হয়েছেন তিনি। তবে পরিবারকে সময় দিতে একটা ফরম্যাট থেকে সরে আসতে চান তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্নার বলেন, ‘আমার মনে হয় আপনারা টি-২০ ম্যাচের দিকে বেশি চোখ রাখেন। আমরাও দুই বছরে দুটি টি-২০ বিশ্বকাপ পাচ্ছি। কিন্তু আমি এই ফরম্যাট থেকেই ক’বছরের মধ্যে অবসর নিতে চাই। এক সঙ্গে তিন ফরম্যাটে খেলে যাওয়া আসলেই কঠিন। যারা খেলছেন তাদের জন্য শুভকামনা।’
ওয়ানডে এবং টেস্টে ৪০ গড় নিয়ে খেলে যাচ্ছেন ওয়ার্নার। টি-২০ ক্যারিয়ারে আবার তার গড় স্ট্রাইক রেট ১৪০ করে। নিজের দিনে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন এই ব্যাটসম্যান। কিন্তু তিনি ভাবছেন ওয়ানডে এবং টেস্ট ক্যারিয়ার লম্বা করার কথা। আর তাই টি-২০ ছেড়ে দিতে চান তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা কারণ হিসেবে বলেন, ‘যারা দীর্ঘদিন তিন ফরম্যাটে খেলেছেন যেমন বিরেন্দ্র শেবাগ-এবি ডি ভিলিয়ার্স তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমরা মনে হয়েছে কাজটা কঠিন। ওদিকে আমার তিনটা ছোট ছোট বাচ্চা, স্ত্রীকে সবসময়ই বাসায় থাকতে হয়। এদিকে আমি সবসময়ই আছি ভ্রমণের ওপর।’
- বিষয় :
- ওয়ার্নার
- টি-২০ অবসর
- খেলা
- ক্রিকেট
- অস্ট্রেলিয়া
