ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেখা হবে বন্ধু- এমবাপ্পেকে হাকিমি

দেখা হবে বন্ধু- এমবাপ্পেকে হাকিমি
×

সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বে পিএসজি সতীর্থ এমবাপ্পে–হাকিমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ২১:৪৫

ক্লাবে তাঁরা সতীর্থ, ঘনিষ্ঠ বন্ধুও। কিন্তু বিশ্বকাপে প্রতিপক্ষ। একজন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যজন মরক্কোর আশরাফ হাকিমি। পিএসজির এই দুই তারকা বিশ্বকাপের সেমিতে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামছেন। কাকতালীয়ভাবে হাকিমির কাঁধেই বন্ধু এমবাপ্পেকে রোখার দায়িত্ব পড়ছে। তাই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি নিশ্চিত করেই টুইটারে এমবাপ্পেকে ট্যাগ করে হাকিমি লেখেন, 'শিগগিরই দেখা হচ্ছে বন্ধু'। তাঁর পাল্টা জবাবও দিয়েছেন এমবাপ্পে। কিছু অবশ্য লেখেননি, শুধু তিনটি ভালোবাসার ইমোজি দিয়েছেন। ১৪ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ফ্রান্স জাতীয় দলে সাধারণত বাঁ প্রান্ত ধরে খেলেন তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। কাকতালীয়ভাবে মরক্কোর রাইট-ব্যাক হলেন হাকিমি। অর্থাৎ দু'জন একেবারে মুখোমুখি। হাকিমিকেই আটকাতে হবে এমবাপ্পেকে। হয়তো সে কারণেই আগেভাগে বার্তা দিয়ে রাখলেন হাকিমি। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বন্ধুর বার্তা আদান-প্রদান মোটেই নতুন কিছু নয়। ৬ ডিসেম্বর শেষ ষোলোর লড়াইয়ে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে মরক্কো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর হাকিমির সঙ্গে ছবি টুইট করে তাঁকে অভিনন্দন জানান এমবাপ্পে। এই অভিনন্দনের জবাবে রিটুইট করে এমবাপ্পেকে 'কিং' তকমায় ভূষিত করেন হাকিমি।

বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে এমবাপ্পে। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করে ফেলেছেন তিনি। তাঁর ওপরই নির্ভর করছে ফ্রান্সের শিরোপা ধরে রাখার স্বপ্ন। ফরাসিদের তুরুপের তাস তিনি। মরক্কোর হয়ে হাকিমিও ভালো খেলছেন। আফ্রিকার দেশটির জমাট রক্ষণভাগের অন্যতম স্তম্ভ তিনি। মরক্কোর ডান পাশটা রীতিমতো নিশ্ছিদ্র রাখছেন তিনি। স্পেনের বিপক্ষে তাঁর পানেনকা পেনাল্টি কিকেই মরক্কোর জয় নিশ্চিত হয়েছিল।

আরও পড়ুন

×