অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক মিচেল মার্শ
ছবি- গেটিইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১২:১২ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১২:১২
অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন মিচেল মার্শ। এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এ অলরাউন্ডার। দলে বেশ কিছু পরিবর্তন এনে সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্টেলিয়া। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও ম্যাট শর্ট। বাদ পড়েছেন ম্যাথেউ ওয়েড ও কেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর চলতি বছরের শুরুর দিকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অ্যারন ফিঞ্চ। অধিনায়ক হিসেবে ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে তার দখলে। তবে ফিঞ্চ অবসর নেওয়ার পর এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের স্থান ফাঁকা ছিল। সম্ভাব্য অধিনায়ক হিসেবে মার্শের নাম উচ্চারিত হয়েছে প্রবলভাবেই। শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন মার্শই।
আপাতত শুধু এক সিরিজের জন্য অধিনায়ক করা হলেও লম্বা সময়ের জন্য মার্শের নেতৃত্ব পাওয়া একরকম নিশ্চিত। অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়া হতে পারে ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারকে। ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক হিসেবে অবশ্য ট্রাভিস হেডও থাকবেন জোর আলোচনায়।
অস্ট্রেলিয়া দল ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় পাঁচটি একদিনের সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিশ্বকাপে ভারতে আসার আগে প্রস্তুতি হিসাবে এই দুই দল যে এই সিরিজ খেলছে তা বলাই বাহুল্য। এই সময়ে এশিয়ার ক্রিকেট খেলা দেশগুলি এশিয়া কাপে ব্যস্ত থাকবে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
