নিজেকে ‘চিতা’ দাবি করতেন বাশার
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৩:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সোস্যাল মিডিয়া লাইভে এসে প্রতিদিনই কোন না কোন ক্রিকেটারের ‘গোপন ফাঁস’ করে দিচ্ছেন। মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, রুবল-তাসকিনরা ছাড় পাননি তামিমের হাত থেকে। তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকেও ছাড় দিলেন না। ফাঁস করে দিলেন গোপন।
২০০৭ টি-২০ বিশ্বকাপের সময় বাশার নিজেকে চিতা দাবি করতেন। ফিল্ডিংয়ে তার গতি ছিল না-কি চিতার মতো! কথাটা শুনেই সশব্দ হাসি দিলেন বাশার। সঙ্গে নাঈমুর রহমান দুর্জন ও খালেদ মাহমুদ সুজনও। নিজেকে ওই চিতা দাবি করার কারণটা পরে নিজের মুখেই জানিয়েছেন হাবিবুল বাশার।
রোববার রাতে তিনি তামিমের সঙ্গে লাইভে বলেন, ‘আমি ওটা বলে নিজেকে উৎসাহিত করার চেষ্টা করতাম। ২০০৭ সালের দলটা আমাদের ছিল খুবই তরুণ। দলের সবাই ছিল ভালো ফিল্ডার। দলে তখন তামিম, সাকিব, মাশরাফি, রফিকরা ভালো ফিল্ডার। আমিই শুধু স্লো। আমার মনে আছে, তখন ক্যাচ ধরলে বা ফিল্ডিং করলে নিজেকে চিতা-চিতা বলতাম।’
নাঈমুর রহমান তখন পাল্লা প্রশ্ন করেন, ‘চিতাটা ডাকতো কিভাবে? হালুম নাকি মিউ!’ বাশার উত্তর দেন, ‘আমার চিতা তো আমার মতো করেই ডাকবে।’ লাইভ ওই আড্ডায় হাবিবুল বাশারকে প্রশ্ন করেন তামিম, তাকে প্রথম দলে নেওয়ার কারণ কী ছিল। বাশার জানান, তখন দলে শুরুতে রান তোলার মতো কেউ ছিল না। তামিমের কিছু খেলা দেখে বাশারের মনে হয়েছিল, শুরুতে রান করার কাজটা তামিমই করতে পারবে।