ফ্রান্স নাকি মরক্কো, কার জয় দেখছে সুপারকম্পিউটার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১১:২৮
বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের লড়াই শেষে এখন টিকে আছে মাত্র ৮টি। আর কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে শেষ আটের লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁচা-মরার লড়াইয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। আর হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ মিশন।
শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকান প্রতিনিধি মরক্কো। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
অতীত ইতিহাস ও পরিসংখ্যানের বিচারে মরক্কোর বিপক্ষে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে আছে ফ্রান্স। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রাখছে।
ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। এছাড়া ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ।
এদিকে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স, বাকি দুটি ড্র হয়েছে। মরক্কো এখনও ফরাসিদের বিপক্ষে জয়ের দেখা পায়নি।
তবে কাগজে-কলমের হিসাব মাঠের লড়াইয়ে সব সময় কাজে আসে না। এবার বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম দিয়েছে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো। মরক্কোও বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই ফ্রান্সকে জিততে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।
বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একবারই দেখা হয়েছিল। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছিল ফ্রান্স।
এবার সেই স্মৃতি ভুলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা। ফরাসিদের অভিজ্ঞতা আর মরক্কোর আত্মবিশ্বাস- সব মিলিয়ে বোস্টনে হয়তো আরেকটি হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
- বিষয় :
- ফ্রান্স
- মরক্কো
- ফুটবল বিশ্বকাপ-২০২৬