ওয়েম্বলির স্বপ্নে বিভোর এমবাপ্পে
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১১:৩৩
চ্যাম্পিয়ন্স লিগে ওয়েম্বলির ফাইনালে জায়গা করে নিতে মরিয়া কিলিয়ান এমবাপ্পে। এই অভিযাত্রায় সেমির প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হারকে খুব বড় সমস্যা হিসেবে মনে করছেন না পিএসজি তারকা। আজ নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে দ্বিতীয় লেগে এই ব্যবধান গুছিয়ে জয়ী হওয়ার ব্যাপারে তিনি প্রায় নিশ্চিতই।
ভীষণ আত্মবিশ্বাসী পিএসজি শিবিরও। অন্যদিকে জিতলে তো বটেই, আজ ড্র করলেই ফাইনালে চলে যাবে ডর্টমুন্ড।
পিএসজির ইতিহাসে এর আগে সবচেয়ে বড় ম্যাচ ছিল ২০২০ সালে লিসবনের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। করোনার কারণে শূন্য গ্যালারির সেই ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। সেই আক্ষেপ এবার ঘোচাতে চায় পিএসজি।
এবার অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ এমবাপ্পে। এর পেছনে অন্যতম কারণ হলো চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে সাত বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন তিনি। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষটা রাঙিয়ে স্মরণীয় বিদায় চান তিনি।
