এই তো সময় ফিরে আসার
ব্রাজিল-কোস্টারিকা
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১০:৪০
গেল কয়েকটা বছর বেশ বিষাদেই কেটেছে ব্রাজিলের। দারুণ একটা দল, দুর্দান্ত সব তারকা নিয়েও বড় আসরগুলোতে বারবার খেয়েছে হোঁচট। সেই সোনালি সময় পেরিয়ে যাওয়ার পর সোনালি ট্রফির স্পর্শ নেওয়া হয়নি নেইমারদের। কখনও নকআউটে, কখনও আরেকটু এগিয়ে ঠিকই বাড়ি ফিরতে হয়েছে তাদের। কাতার বিশ্বকাপের দুঃসহ স্মৃতি তো এখনও টাটকা। তার আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া। সব মিলিয়ে সাম্প্রতিক অতীতের ক্ষতগুলো এক এক করে মুছে ফেলার এখনই সময় সেলেকাওদের।
মঙ্গলবার নতুন আশা নিয়ে নব-উদ্যমে হয়তো তেমন কিছুই করতে চাইবে রদ্রিগো-ভিনিরা। এবারের যাত্রাও কম কঠিন নয়। নিজেদের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে ছাড়াই এই লড়াইয়ে নামতে হবে। তার চেয়ে বড় চ্যালেঞ্জ শিরোপার স্বাদ নেওয়া, সেই সঙ্গে গত কয়েক বছরের দুঃখও ভোলা। যুক্তরাষ্ট্রের মাটিতে এই মিশনের প্রথম ম্যাচে কোস্টারিকাকে মোকাবিলা করতে হবে তাদের। যে দলের সঙ্গে বলেকয়ে জয় পায় ব্রাজিল। পরিসংখ্যান বলছে, আগের ১১ বারের দেখায় ১০ বারই জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেবল একটি ম্যাচে হেরে যায় তারা। সে ক্ষেত্রে এই ম্যাচটি জিততে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় ব্রাজিলের।
যদিও নেইমারকে ছাড়া রদ্রিগো-ভিনিরা কেমন করে সেটাও দেখার অপেক্ষা। এর আগেও নেইমার চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি। তখন অবশ্য আক্রমণভাগের দায়িত্বটা ছিল অন্যদের কাঁধে। এবার কোচ দরিভাল জুনিয়র দলটাকে চমৎকারভাবে গুছিয়ে নিয়েছেন। কাতার বিশ্বকাপের পর তিতেকে সরিয়ে অনেক তারকা কোচকে আনতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু কেউ রাজি না হওয়ায় স্বদেশি দরিভালই হয়ে যান সেই চেয়ারের মালিক। তাঁর অধীনে একেবারে খারাপ করছে না ব্রাজিল।
তবে নেইমার না থেকেও যেন আছেন। কোস্টারিকা ম্যাচের আগে ছুটে যান যুক্তরাষ্ট্রে। সেখানে সতীর্থদের সঙ্গে অনুশীলনে সময় দেন। তাদের হয়তো পরামর্শ, সাহস কিংবা প্রেরণা দিতেই সৌদি থেকে তাঁর সেখানে যাওয়া। নিজে চোট পরিচর্যার শেষ ধাপে, অনেক আশা ছিল এবার কোপা খেলার। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় নামা হচ্ছে না। তাতে ব্রাজিলের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আক্রমণভাগে দুই রিয়াল তারকা রদ্রিগো ও ভিনি ছাড়াও আছেন তরুণ এনড্রিক। হয়তো শুরুর একাদশে এনড্রিককে দেখা যাবে না। তবে দলের প্রয়োজনে তিনি হতে পারেন দরিভালের তুরুপের তাস।
তবে কোস্টারিকা যদি পুরোনো কৌশল হাতে নেয়, তাহলে গোল করাটা কঠিন হয়ে যেতে পারে ব্রাজিলের জন্য। সেই কৌশল হলো রক্ষণাত্মক ফুটবল খেলা। সবকিছুর পরও বলা যায়, এই ব্রাজিল অন্তত কোস্টারিকায় আটকানোর মতো দল না!
- বিষয় :
- ব্রাজিল
- কোস্টারিকা
- কোপা আমেরিকা-২০২৪