ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘ছোট’ ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় রান প্রোটিয়াদের 

‘ছোট’ ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় রান প্রোটিয়াদের 
×

বেবি এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৭:০৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ১৭:১২

নাম ডেওয়াল্ড ব্রেভিস। বয়স ২২ বছর। তবে তাকে ‘বেবি এবি’ নামেই চেনেন ক্রিকেট ভক্তরা। সেটাও বছর তিনেক আগে থেকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে ওই ডাক নাম পান তিনি। কারণ অনুমান করা সহজ। এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটিং স্টাইল তার। মারকুটে ব্যাটিং করতে পছন্দ করেন। মাঠের সব দিকে খেলতে পারেন শট। 

এবির খেলার সঙ্গে মিল থাকায় ওই বছরই আইপিএলে দল পেয়ে গিয়েছিলেন ব্রেভিস। জাতীয় দলেও অভিষেক করানো হয়েছে আরও প্রায় দুই বছর আগে। কিন্তু ব্রেভিস ‘বেবি এবি’ হয়েই ছিলেন। যেন বড়ই হতে পারছিলেন না। 

অবশেষে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনার প্রতি সুবিচার করলেন ব্রেভিস। টি-২০ ক্যারিয়ারের ১০ম ম্যাচ খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ৫৬ বলে হার না মানা ১২৫ রানে ভর করে ৬ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

মঙ্গলার ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৩৪ রান যোগ করেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। রিকেলটন ১৪ রান করে ফিরে যান। মার্করান ১৮ ও লুহান প্রিটোরিয়াস ১০ রানে ফিরলে ৫৭ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। 

চারে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন বেবি এবি খ্যাত ব্রেভিস। তাকে সঙ্গ দেন ত্রিস্তান স্টাবস। তাদের জুটি হয় ১২৬ রানের। যার মধ্যে ২২ বলে ৩১ রান করেন স্টাবস। বাকি অধিকাংশ রানই ব্রেভিসের। তিনি দুর্দান্ত ওই ইনিংস সাজান ১২টি চার ও আটটি ছক্কার শটে।

ব্রেভিসের ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যেও ভালো বোলিং করেছেন বেন ডারসুইচ। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। খরুচে বোলিং করেছেন জস হ্যালজউড-শন অ্যাবোটরা। এর মধ্যে হ্যালজউড ৪ ওভারে ৫৬ রান ও অ্যাডাম জাম্পা  ৪৬ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ৪ ওভারে ৪৪ রান খরচা করে ২ উইকেট নেন। সমান ওভারে সমান রান দিয়ে উইকেট শূন্য ছিলেন অ্যাবোট।

আরও পড়ুন

×