বার্সাকে হারাল জাবির রিয়াল, প্রথম ক্লাসিকো জয় এমবাপ্পের
বার্সার বিপক্ষে রিয়ালের এমবাপ্পের জয়। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২৩:৩৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ২৩:৫০
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকোয় ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। গত বছর বার্সার কাছে চার ক্লাসিকোতেই হেরেছিল লস ব্লাঙ্কোসরা। জাবি আলোনসোর অধীনে ২-১ গোলে অধরা জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে তার ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো জয়ের স্বাদ পেলেন।
রোববার রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর পরপরই লিডের সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ভিএআরে তা বাতিল হয়ে যায়। এমবাপ্পের করা প্রথম গোলটিও অফসাইডের কারণে স্কোরলাইনে যোগ হয়নি।
তবে প্রথমার্ধের ২২ মিনিটে তার করা গোলটি আর বাতিল করতে পারেনি মাঠে থাকা রেফারি কিংবা ভিএআর। জুড বেলিংহামের বাড়ানো বল ধরে এমবাপ্পে দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন। দলকে লিড এনে দেন।
ওই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক রিয়াল। বার্নাব্যু স্তব্ধ করা গোলটি ম্যাচের ৩৮ মিনিটেই পেয়ে যায় কাতালানরা। মার্কোস রাশফোর্ডের সহায়তায় ফারমিন লোপেজ বার্সার পক্ষে সমতাসূচক গোলটি করেন। ৪৩ মিনিটে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্তের কোণা থেকে ভিনিসিয়াস লম্বা করে বল বাড়ান। এদের মিলিতাওয়ের মাথা হয়ে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড আরও বড় করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। এরিক গার্সিয়ার হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু এমবাপ্পে তা জালে পাঠাতে পারেননি। বার্সাও পরে আার গোল শোধ করতে পারেনি। ক্লাসিকো জয়ে রিয়াল মাদ্রিদ ১০ ম্যাচে বার্সার চেয়ে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।
- বিষয় :
- রিয়াল-বার্সা
- কিলিয়ান এমবাপ্পে
- জুড বেলিংহাম
