‘টিকা’ নেননি তাই বাদ আর্জেন্টিনার তিন ফুটবলার
আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২২:০২
একমাত্র প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় ১৪ নভেম্বর বছরের শেষ ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাঙ্গোলার বিপক্ষের ওই ম্যাচে স্কোয়াড থেকে হাঁটুর চোটের কারণে আগেভাগেই ছিটকে গেছেন চেলসির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
এবার বাদ পড়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তিন তারকা হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা। আফ্রিকার দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ‘ইয়োলো ফিভার ভ্যাকসিন’ না নেওয়ায় তাদেরকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিন ফুটবলার। তাদের প্রত্যাহার প্রসঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ইয়োলো ফিভার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তিন ফুটবলার, যা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য অপরিহার্য। তাই তাদের জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি আফ্রিকার কিছু অংশে এবং দক্ষিণ আমেরিকায় মশাবাহিত জীবাণু থেকে ইয়োলো ফিভার ছড়িয়ে পড়েছে। সে কারণে এসব অঞ্চলে প্রবেশে সবার প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই তিনজনের বদলে দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক-অ্যালিস্টার ও লিয়ান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এই তিনজনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক-অ্যালিস্টার, যিনি দলে থাকা লিভারপুল মিডফিল্ডার ম্যাক-অ্যালিস্টারের বড় ভাই।
এই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্থানীয় ক্লাবে খেলা কোনো ফুটবলার ডাকা হয়নি। কম গুরুত্বপূর্ণ এ ম্যাচের জন্য দেশটির কোনো ক্লাবের যেন ক্ষতি না হয়, সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। এতে অবশ্য বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে যাচাই করে দেখার সুযোগ পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
এর মধ্যে আক্রমণভাগের জোয়াকিন পানচেলি ও জিয়ানলুকা প্রেস্তিনি রয়েছেন। ২৩ বছর বয়সী পানচেলি বেড়ে উঠেছেন রিভার প্লেট যুব দলে খেলে। এখন তিনি সেরা মৌসুম কাটাচ্ছেন রেসিং স্ত্রাসবুর্গের হয়ে। গত জুলাইয়ে আলাভেস থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চির এ ফরোয়ার্ড গোল করেছেন ১১ ম্যাচে ৯টি। লিগ ওয়ানে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা।
ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচে গোল করেছেন। ১৯ বছর বয়সী বেনফিকার উইঙ্গার প্রেস্তিয়ানি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। গত মাসে চিলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হেরে গেলেও আসরে ঠিকই নিজের ছাপ রেখেছেন। এই দুজনকে আর্জেন্টিনার আক্রমণভাগের ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে।
- বিষয় :
- আর্জেন্টিনা ফুটবল
