ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কনফারেন্স ট্রফি জিতে আরেকটি শিরোপার অপেক্ষায় মেসির মায়ামি

কনফারেন্স ট্রফি জিতে আরেকটি শিরোপার অপেক্ষায় মেসির মায়ামি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৫:৩০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৫:৪৪

ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর দুই বছরের মাথায় ধরা দিল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠল লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববার ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারিয়ে কনফারেন্স চ্যাম্পিয়ন হয় মায়ামি। এই জয়ে ক্যারিয়ারের ৪৭তম শিরোপা ঘরে তোলার পাশাপাশি অ্যাসিস্টের বিশ্বরেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচে মেসি গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে গড়েছেন নতুন ইতিহাস। ম্যাচের ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তিকে অ্যাসিস্ট করে ভেঙে দেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ড। ফুটবল ইতিহাসে এখন এককভাবে সর্বোচ্চ ৪০৫টি অ্যাসিস্টের মালিক লিওনেল মেসি (পুসকাসের ছিল ৪০৪টি)। এর আগে সেমিফাইনালে ১ গোল ও ৩ অ্যাসিস্ট করে পুসকাসকে স্পর্শ করেছিলেন তিনি।

মেসির রেকর্ডের রাতে মায়ামির জয়ের নায়ক আরেক আর্জেন্টাইন তাদিও আলেনদে। তিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন। ম্যাচের ১৪ ও ২৩ মিনিটে গোল করে দলকে প্রথমার্ধেই চালকের আসনে বসান আলেনদে। এরপর ম্যাচের শেষদিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। নিউইয়র্ক সিটি ৩৭ মিনিটে একটি গোল শোধ করলেও মায়ামির গোলবন্যার সামনে তা ছিল নিতান্তই তুচ্ছ।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা অর্জনের পাশাপাশি এমএলএস কাপ জয়ের শেষ ধাপে পা রাখল মায়ামি। আগামী বুধবার রাতে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে ওয়েস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেসির দল। ৪৬টি শিরোপা নিয়ে আগেই ইতিহাসের সফলতম ফুটবলার ছিলেন মেসি, কনফারেন্স ট্রফি জয়ে সেই সংখ্যা এখন ৪৭-এ উন্নীত হলো।
 

আরও পড়ুন

×