ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিরছেন কামিন্স, অ্যাশেজ শেষ হ্যাজলউডের

ফিরছেন কামিন্স, অ্যাশেজ শেষ হ্যাজলউডের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১২:১৩

অস্ট্রেলিয়া দলের জন্য সংবাদটা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এক পিঠে স্বস্তি, অন্য পিঠে হতাশা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্ট দিয়ে মাঠে ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তবে দুঃসংবাদ হলো, চোটের কাছে হার মেনে পুরো অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজলউড।

হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস টেন্ডনের চোটে ভুগছিলেন হ্যাজলউড। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও চোট আবার মাথাচাড়া দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টে আর দেখা যাবে না তাকে। তার লক্ষ্য এখন আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

হ্যাজলউডের বিদায়ে আক্ষেপ ঝরেছে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কণ্ঠে। সোমবার তিনি বলেন, ‘ওর জন্য খুব খারাপ লাগছে। ভেবেছিলাম এই সিরিজে ওর বড় ভূমিকা থাকবে। কিন্তু সেই সুযোগ ও পাবে না বলে খুবই দুঃখবোধ হচ্ছে।’

হ্যাজলউড না থাকলেও অজি শিবিরে স্বস্তি ফেরাচ্ছেন ‘ক্যাপ্টেন’ কামিন্স। পিঠের চোটের কারণে গত জুলাইয়ের পর আর খেলা হয়নি তার। তবে অ্যাডিলেডের আগে নেটে পুরোদমে বোলিং অনুশীলন করেছেন তিনি। কোচ নিশ্চিত করেছেন, ম্যাচের ধকল সইতে কামিন্স এখন পুরোপুরি প্রস্তুত।

পার্থ ও ব্রিসবেন টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলেই সিরিজ নিশ্চিত। এই মিশনে কামিন্সের সঙ্গে থাকছেন ফর্মের তুঙ্গে থাকা মিচেল স্টার্ক। দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্রিসবেনে হালকা চোট পেলেও তৃতীয় টেস্টের জন্য ফিট আছেন এই বাঁহাতি গতিতারকা।

আরও পড়ুন

×