দু’দিনে শেষ মেলবোর্ন টেস্ট, স্বস্তির জয় ইংল্যান্ডের
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়ের করমর্দন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:১৭
বক্সিং ডে উপলক্ষে মেলবোর্ন টেস্টের উইকেট পেস বোলিং স্বর্গে পরিণত করা হয়েছিল। অস্ট্রেলিয়া চার নিয়মিত পেসারের সঙ্গে এক পেস অলরাউন্ডার নিয়ে নেমেছিল। ইংল্যান্ডের একাদশেও ছিল চার পেসার। প্রত্যাশা মতো, ম্যাচে দাপটও দেখিয়েছে দুই দলের পেসাররা। তবে পৌনে দু’দিনে শেষ হওয়া টেস্টে ৪ উইকেটের স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড।
ইংলিশরা পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রথম তিনটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে। চতুর্থ ম্যাচেও হারের শঙ্কায় পড়ে হোয়াইটওয়াশের পথে ছিল তারা। প্রথম ইনিংসে ব্যাটিং ধসে অজিদের চেয়ে পিছিয়ে থেকেও দারুণ এক জয়ে ওই শঙ্কা উড়িয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড।
মেলবোর্নে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। দলটির হয়ে পেসার মাইকেল নেসের সর্বাধিক ৩৫ রান করেন। দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক ২৯ ও ২০ রান আসে যথাক্রমে উসমান খাজা ও অ্যালেক্স কেরির ব্যাট থেকে। অজিদের প্রথম ইনিংস ধসিয়ে দেন ইংলিশ পেসার জস টঙ। তিনি ৪৫ রানে ৫ উইকেট নেন। গাস আটকিনসন নেন ২ উইকেট।
জবাবে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ২৯.৫ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। ৪২ রানের লিড দেয় অজিদের। ইংলিশদের হয়ে পাঁচে নামা হ্যারি ব্রুক ৪১ রান করেন। পেসার আটকিনসন ২৮ রান যোগ করেন। সফরকারীরা মাইকেল নেসের ও স্কট বোল্যান্ডের তোপে পড়ে। তারা যথাক্রমে ৪ ও ৩ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ব্রাইডন কার্স ও বেন স্টোকস ৩৪.৩ ওভারে অজিদের ১৩২ রানে অলআউট করে দেয়। জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৪৬ রান করেন। স্টিভ স্মিথ ২৪ ও ক্যামেরুন গ্রিন ১৯ রান যোগ করেন। ইংলিশ পেসার কার্স ৪টি এবং বেন স্টোকস ৩ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৭ ওভারে ৫১ রানের ভালো শুরু পায়। বেন ডাকেট ২৬ বলে ৩৪ রান করে ফিরে যান। ৬৫ রানে ইংলিশরা দ্বিতীয় উইকেট হারায়। আউট হন পেসার ব্রাইডন কার্স। পরে জ্যাক ক্রলি জ্যাকব বেথেল দলকে জয়ের দিকে এগিয়ে নেন। ক্রলি ৩৭ রান করেন। বেথেল ৪০ রান যোগ করেন। হ্যারি ব্রুক ১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ম্যাচ সেরা হয়েছেন ফাইফারসহ ৭ উইকেট নেওয়া জস টঙ।
- বিষয় :
- অ্যাশেজ সিরিজ
- অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
