মরক্কোকে কাঁদিয়ে আফ্রিকার রাজা সেনেগাল
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৪২
নাটক, উত্তেজনা, বিতর্ক আর পেনাল্টি মিস। রোমাঞ্চের সব মসলাই ছিল আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে। ঘরের মাঠে হাজারো দর্শককে স্তব্ধ করে স্বাগতিক মরক্কোর স্বপ্ন ভেঙে আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরল সেনেগাল। রোববার রাতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানের জয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার চ্যাম্পিয়ন হলো সাদিও মানের দল।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতে পাপা গুইয়ের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে সেনেগাল। এর আগে ২০২১ সালে প্রথমবার আফকন জিতেছিল তারা। অন্যদিকে ১৯৭৬ সালের পর শিরোপা খরা কাটানোর স্বপ্ন অধরাই রয়ে গেল মরক্কোর।
ম্যাচের মূল নাটকীয়তা জমে ওঠে নির্ধারিত সময়ের যোগ করা মুহূর্তে। কর্নার থেকে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে সেনেগাল শিবির। প্রতিবাদ হিসেবে সেনেগাল কোচ পাপ ঝাও তার শিষ্যদের মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যাওয়ার নির্দেশ দেন। কিছুক্ষণ পর তারা মাঠে ফিরলেও স্নায়ুর চাপে ভেঙে পড়েন দিয়াস। তার নেওয়া দুর্বল ‘পানেলকা’ শট সহজেই লুফে নেন সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।
পেনাল্টি মিসের মানসিক ধাক্কা আর সামলাতে পারেনি মরক্কো। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫তম মিনিটে ইদ্রিসা গেয়ির বাড়ানো থ্রু বল ধরে দুর্দান্ত কোণাকুনি শটে সেনেগালকে ১-০ গোলের লিড এনে দেন পাপা গুইয়ে। বাকি সময়ে মরক্কো সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও ভাগ্য সহায় হয়নি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সেনেগাল, কিন্তু পাপা গুইয়ের হেড রুখে দেন মরক্কোর গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আটলাস লায়নরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ঘরের মাঠে চোখের জলেই মাঠ ছাড়তে হয় হাকিমি-দিয়াসদের।
- বিষয় :
- মরক্কো
- সেনেগাল
- আফ্রিকান কাপ অব নেশন্স
