ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিষ্প্রভ মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু মায়ামির

নিষ্প্রভ মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু মায়ামির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১২

গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই হারের তেঁতো স্বাদ দিয়ে আসর শুরু করতে হলো হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

রোববার এমএলএসের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের (এলএএফসি) কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। এই দিন পুরো ম্যাচ জুড়েই নিজেদের ছায়া হয়ে ছিলেন মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলের হয়ে ন্যূনতম কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি এই আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের চাপে রাখে এলএএফসি। যার ফলস্বরূপ ম্যাচের ৩৮ মিনিটেই ডেভিড মার্টিনেজের গোলে লিড পেয়ে যায় লস অ্যাঞ্জেলেসের ক্লাবটি। প্রথমার্ধে এই ১-০ ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো আরও পিছিয়ে পড়ে মায়ামি। ৭৩ মিনিটে এলএএফসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। এরপরও ম্যাচে ফেরার তেমন কোনো শক্ত সুযোগ তৈরি করতে পারেনি মেসির দল। উল্টো ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অরদাজ। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের বড় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

আরও পড়ুন

×