ইংল্যান্ড-ভারত সেমিফাইনাল
ব্রুকের ক্যাচ মিসে ফসকেছে ম্যাচ
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৩:২৬
কত বড় ভুল করেছেন, সেটা তখনই বুঝতে পেরেছিলেন হ্যারি ব্রুক। ২.২ ওভারে মিডঅনে সঞ্জু স্যামসনের ক্যাচটি ফেলে দিয়ে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ইংল্যান্ড অধিনায়ক। হাঁটুতে হাত রেখে হতবাক হয়ে অসহায়ের মতো তাকিয়ে ছিলেন। অবশ্য শুধু তিনি কেন, কারোরই বিশ্বাস হওয়ার কথা না। ইংল্যান্ড দলে সেরা ফিল্ডারদের একজন তিনি! ওই ক্যাচটি হয়তো ১০০ বারের মধ্যে ৯৯ বারই ধরবেন তিনি। ভুলচুকে একবার পড়তে পারে। ভাগ্য এতটাই খারাপ যে ওয়াংখেড়েতে বিশ্বকাপের সেমিতেই সে দুর্ঘটনা ঘটল!
তখন অভিষেক আউট হয়ে গেছেন। সঞ্জুর ক্যাচটি ধরতে পারলে ২৫ রানে ২ উইকেট পড়ে যেত ভারতের। ১৫ রানে জীবন পাওয়া সঞ্জু পরের ৩৫ বলে ৭৪ রান যোগ করে দলকে আড়াইশর ভিত গড়ে দিয়ে যান। তাই তো নিজেকেই কাঠগড়ায় তুলেছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নিজের কাঁধে ৭ রানের হারের দায় নেন তিনি, ‘আমি স্বীকার করছি, স্যামসনের ক্যাচ ছেড়ে বড় ভুল করেছি।
ক্যাচ ম্যাচ জেতায়, তাই না? দুর্ভাগ্যবশত বলটা আমার হাতে থাকেনি... অবশ্যই এটা আমার মাথায় কাজ করছিল। আমি বারবার স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম এবং সে রানের পাহাড় গড়ছিল। মনে মনে ভাবছিলাম, ‘আজ আমাকে ৮৯ রান করতে হবে।’ অথচ ৭ রান করে আউট হন তিনি।
বৃহস্পতিবার ইংল্যান্ড শুধু ওই একটি ক্যাচই ছাড়েনি, শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ক্যাচ ছেড়েছেন টম ব্যান্টন। জীবন পেয়ে হার্দিক দুটি ছক্কা মারেন। অথচ ভারত এ ম্যাচে অবিশ্বাস্য তিনটি ক্যাচ ধরেছে। এর মধ্যে অক্ষর প্যাটেল ধরেছেন দুটি। প্রথমটি হ্যারি ব্রুকের। উল্টো দিকে প্রায় ২৫ মিটারের মতো দৌড়ে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে লুফে নেন ক্যাচটি। এরপর জ্যাকব বেথেল ও উইল জ্যাকসের ৭৭ রানের পঞ্চম উইকেট জুটি যখন ভারতীয়দের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছিল, তখন আবার এগিয়ে আসেন অক্ষর। শেষ ওভারের প্রথম বলে সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল রান আউট হন হার্দিক পান্ডিয়ার অসাধারণ ফিল্ডিংয়ে।
রান উৎসবের ম্যাচে ক্যাচই পার্থক্য গড়ে দিয়েছে সেটা অকপটে স্বীকার করেছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককুলামও, ‘সত্যি বলতে, ওদের নেওয়া দুটি ক্যাচের দিকে বেশি নজর দিচ্ছি আমি। এই মাঠে ফিল্ডিং করা সহজ নয়, বিশেষ করে যখন দর্শকরা জোরে জোরে চিৎকার করছিল। অক্ষর প্যাটেল সেই ক্যাচগুলো ধরতে পেরেছে, এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে সীমানা দড়ির ওপর যেটি, ওটা যদি উপর দিয়ে যেত... পার্থক্য ছিল সাত রানের, ওখানেই তো ৬ (ছক্কা হলে) রান!’
- বিষয় :
- হ্যারি ব্রুক
- ইংল্যান্ড
- ভারত
