ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্সেনালকে কাঁদিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন সিটি

আর্সেনালকে কাঁদিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন সিটি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ০১:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ০১:০৩

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। নিকো ও’রাইলির দারুণ জোড়া গোলে চার মৌসুম পর, সব মিলিয়ে নবমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ও লিগের হোঁচট সামলে এটিই সিটির এবারের মৌসুমের প্রথম ট্রফি।

ম্যাচের সপ্তম মিনিটেই আর্সেনাল এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়, কিন্তু সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। কাই হাভার্টস ও বুকায়ো সাকার টানা তিনটি গোলমুখে নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটি। ম্যাচের ৬০ মিনিটে আর্সেনাল গোলরক্ষক কেপা আরিসাবালাগার ভুলে লিড পেয়ে যায় তারা। হায়ান শেহকির জোরাল শট কেপা গ্লাভসবন্দি করতে ব্যর্থ হলে, আলগা বল হেডে জালে জড়ান ও’রাইলি। মাত্র চার মিনিট পর নুনেসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটিও হেডেই করেন এই ইংলিশ তরুণ।

এরপর আর কোন গোল না হলে দুই গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ নয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের নজীরও গড়ল সিটিজেনরা।

অন্যদিকে, চ্যাম্পিয়ন হওয়ার রাতে প্রথম কোচ হিসেবে লিগ কাপে পাঁচটি শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা।

আরও পড়ুন

×