ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেসিই ‘সেরা’, বার্সার ১০ নম্বরে যোগ্য ইয়ামাল: রোনালদিনহো

মেসিই ‘সেরা’, বার্সার ১০ নম্বরে যোগ্য ইয়ামাল: রোনালদিনহো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৭:১৪

বার্সেলোনার আইকনিক ‘১০ নম্বর’ জার্সিটির এক আলাদা কদর রয়েছে ফুটবল বিশ্বে। এই জার্সি গায়েই একসময় মাঠ মাতিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সেই উত্তরাধিকার এখন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামালের কাঁধে। আর ১৮ বছর বয়সী এই তরুণের হাতে বার্সার ১০ নম্বর জার্সিটি ‘বেশ সুরক্ষিত’ আছে বলে মনে করেন রোনালদিনহো।

২০০৫ সালের ব্যালন ডি'অর জয়ী রোনালদিনহো সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামি সফরে গিয়ে বার্সেলোনার বর্তমান পরিস্থিতি ও ইয়ামালকে নিয়ে কথা বলেন। নিজের সেরা সময়ে মেসিকে খুব কাছ থেকে বড় হতে দেখেছেন রোনালদিনহো। এবার ইয়ামালের দ্রুত উত্থান দেখেও মুগ্ধ তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো জানান, অল্প বয়স হলেও ইয়ামালের স্কিল তাকে এখনই বিশ্বের অন্যতম সেরাদের কাতারে নিয়ে গেছে। তরুণ এই তারকার হাতে ১০ নম্বর জার্সির মর্যাদা সুরক্ষিত আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিঃসন্দেহে। সে এখনও বেশ তরুণ, তবে এখনই বিশ্বের সেরাদের একজন। সে অবিশ্বাস্য সব কাজ করে দেখাচ্ছে। জার্সিটা খুব ভালোভাবেই সুরক্ষিত আছে।’

মায়ামিতে থাকা অবস্থায় মেজর লিগ সকারের (এমএলএস) প্রশংসাও করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগটির দ্রুত অগ্রগতি দেখে তিনি বেশ আনন্দিত। পাশাপাশি আসন্ন ২০২৬ বিশ্বকাপে মেসিকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখার আশা ব্যক্ত করেছেন তিনি। রোনালদিনহো বলেন, ‘সে (মেসি) এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। আশা করি সে দুর্দান্ত ফর্মে থেকেই বিশ্বকাপে যাবে এবং অসাধারণ কিছু করে দেখাবে।’

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এমএলএস প্রতি বছরই বড় হচ্ছে। আশা করি এই সুন্দর দেশটিতে এভাবেই ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকবে। আমি যেখানেই যাই না কেন, মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দেয়। এ জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি বার্সেলোনা। তবে রোনালদিনহোর বিশ্বাস, ইউরোপের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের জায়গাটা ঠিকই ধরে রেখেছে কাতালানরা। সাবেক ক্লাবের প্রতি অগাধ আস্থা রেখে তিনি বলেন, ‘নিঃসন্দেহে তারা এখনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল। আমি সবসময় তাদের খেলা দেখি এবং আশা করি বার্সা সুন্দর ফুটবল উপহার দেবে।’

আরও পড়ুন

×