ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে দল অপরিবর্তিত রাখার কারণ জানালেন বাশার

নিউজিল্যান্ড সিরিজে দল অপরিবর্তিত রাখার কারণ জানালেন বাশার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৩:৩৮

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক জানান, তারা দ্রুত পরিবর্তনের পক্ষে নন। তিনি বলেন, ‘গত সিরিজে বাংলাদেশ বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমাদের পলিসি হলো, কেউ যখন দলে আসে তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করি।’ 

আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের দল থিতু করার লক্ষ্যের কথাও জানান তিনি। তবে ম্যাচ জেতার দিকেই মূল নজর থাকবে দলের। এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়েই এখন থেকে দল বানানো হবে বলে জানান বাশার। সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয়, তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ দলের প্রথম প্রাধান্য হলো ম্যাচ জেতা। জেতার জন্য আমরা সেরা দলটাই বানাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা ত্যাগ করে নয়।’

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব লিটন দাসের কাঁধে। বাশার জানান, মিডল অর্ডার স্থিতিশীল করতেই দলের অন্যতম সেরা এই ব্যাটারকে চার নম্বরে আনা হয়েছে। লিটন দলের স্বার্থে নিজেই এই পজিশনে মানিয়ে নিচ্ছেন। অন্যদিকে, ওপেনিংয়ে সাইফ হাসানকে আরও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। মাত্র তিন ম্যাচ দিয়ে কোনো ওপেনারকে বিচার করতে নারাজ নির্বাচকরা।

খেলোয়াড়দের রোটেশন নীতি নিয়ে বাশার বলেন, ‘পেস বোলিং ডিপার্টমেন্টে আমাদের অনেক অপশন আছে। এখানে রোটেশন করলে আমরা খুব একটা কিছু মিস করছি না। ইনজুরি ম্যানেজমেন্টের জন্য আমরা পেসারদের রোটেট করে খেলাব। কিন্তু টপ অর্ডার এবং মিডল অর্ডারে আমাদের সেটেল হওয়া দরকার। সেখানে আমাদের কাজ করার আছে।’

আরও পড়ুন

×