৩ গোলে এগিয়ে থেকেও মেসির মায়ামির হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৫৪
লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারল না ইন্টার মায়ামি। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে নিয়েছে অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে অরল্যান্ডোর জয়ের নায়ক বনে গেছেন মেসিরই স্বদেশি আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওহেদা।
মেজর লিগ সকারে রোববার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল তারা। ম্যাচের মাত্র ৩ মিনিটে টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে মায়ামিকে এগিয়ে দেন মিকায়েল। ২৫ মিনিটে মেসি ও লুইস সুয়ারেজের সমন্বয়ে গড়া এক আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি পান সেগোভিয়া। এর কিছুক্ষণ পর ৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ট্রেডমার্ক দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান হয় ৩-০।
একপাক্ষিক জয়ের সম্ভাবনা তৈরি হলেও বিরতির ঠিক আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো সিটি। মার্টিন ওহেদা গোল করে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যায় অরল্যান্ডোকে। রক্ষণভাগের ব্যর্থতায় খেই হারিয়ে ফেলে মায়ামি। সেই সুযোগে ওহেদা আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচ ৩-৩ সমতায় ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই টায়রিস স্পাইসারের গোলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে অরল্যান্ডো সিটি।
এই হারে ইন্টার মায়ামির ঘরের মাঠে পয়েন্ট হারানোর আক্ষেপ আরও বাড়ল। গত এপ্রিলের শুরুতে মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল দলটি।
- বিষয় :
- লিওনেল মেসি
- ইন্টার মায়ামি
