মেসি জাদুতে নতুন দুর্গে প্রথম জয় মায়ামির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:৫২
মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দেখা গেল লিওনেল মেসির জাদুকরী রূপ। আসন্ন বিশ্বকাপের আগে নিজের চেনা দ্যুতি ছড়িয়ে ইন্টার মায়ামিকে এনে দিলেন দুর্দান্ত এক জয়। মেসির গোল ও চোখ ধাঁধানো এক অ্যাসিস্টে পোর্টল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে নিজেদের নতুন হোম ভেন্যুতে প্রথম জয়ের স্বাদ পেল মেসিরা।
নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসের পাঁচবারের প্রচেষ্টায় এটিই মায়ামির প্রথম জয়। এর আগে ঘরের মাঠে চার ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। যার মধ্যে তিনটি ম্যাচ ড্র হয়েছিল এবং বাকি ম্যাচে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হারতে হয়েছিল। অবশেষে পঞ্চম ম্যাচে এসে ঘরের মাঠে জয়ের বৃত্তে ফিরল ক্লাবটি।
ম্যাচের ৩১তম মিনিটে তেলাস্কোর অ্যাসিস্ট থেকে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক মেসি। তবে ম্যাচের আসল জাদুকরী মুহূর্তটি আসে ৪২তম মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে বেশ কয়েকজন ডিফেন্ডারকে দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ে বোকা বানান মেসি। এরপর মেসির বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি ব্রেতারেমে।
এ নিয়ে ইন্টার মায়ামির হয়ে টানা ৪ ম্যাচে গোল ও অ্যাসিস্টের অনন্য কীর্তি গড়লেন মেসি। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৩ এমএলএস ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১২টিতে, পাশাপাশি রয়েছে ৫টি অ্যাসিস্ট।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। অবশ্য এক ম্যাচ কম খেলা ন্যাশভিলের পয়েন্টও সমান ২৮।
- বিষয় :
- ইন্টার মায়ামি
- লিওনেল মেসি
