ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

অসিদের হোয়াইটওয়াশ দেখতে চান বাশার

অসিদের হোয়াইটওয়াশ দেখতে চান বাশার
×

ফাইল ছবি

সেকান্দার আলী

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:৩০

সিরিজ জয়ের পর স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য থাকে। প্রতিপক্ষ যদি বিশ্বক্রিকেটের পরাশক্তি হয় তাহলে আগ্রহটা দ্বিগুণ বাড়ে। বাংলাদেশের চাওয়াও ব্যতিক্রম নয়। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই শেষ ম্যাচটি খেলবেন মেহেদী হাসান মিরাজরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার শুক্রবার সে বার্তাই দিলেন, ‘আমরা সব ম্যাচ জেতার লক্ষ্যে খেলি। শেষ ম্যাচটিও জেতার জন্য খেলব। শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী হলে যেমন মানসিকতা থাকত, কালকের ম্যাচেও একই মানসিকতা থাকবে।’ 

পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ নিশ্চিত করে ফেলেছে। ওয়ানডে বিশ্বকাপের ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার হোয়াইটওয়াশের মুখে। একজন বাংলাদেশি হিসেবে জিনিসটি কল্পনা করলেই রোমাঞ্চিত হবেন। এক সময় যে দলের কাছে বার বার হোয়াইটওয়াশ হতে হয়েছে সেই অসিদের চাপে রাখতে পারা দারুণ ব্যাপার। 

যদিও হাবিবুল বাশার বলছেন ভিন্ন কথা, ‘আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা খুব বড় জায়গায় যাইনি। একটা জিনিস ইতিবাচক, আমরা সহস দেখাচ্ছি। বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে চাই।’ 

তিনি মনে করেন, ভালো দলের বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার মজাই অন্যরকম। সেই সাহসটা টানা তিন সিরিজ ধরে দেখাতে পারছে বাংলাদেশ। প্রধান নির্বাচক জানান, অসিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভালো উইকেটে খেলার সিদ্ধান্ত মনে হচ্ছিল ঝুঁকিপূর্ণ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পোর্টিং কন্ডিশনে চ্যালেঞ্জ ছিল ফল বের করা। সেই জায়গায় সফল হওয়ার পর সুযোগ থাকে আরও বড় স্বপ্ন দেখার। এছাড়া ভবিষ্যতেও এরকম উইকেটেই তো খেলতে হবে বাংলাদেশকে। এখন থেকে সব পরিকল্পনা হচ্ছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে।’

বাশারের মতে, সাহস নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে যেটা কাজে দেবে। ওই বিশ্বকাপে নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। প্রতিটি সিরিজে একটু একটু করে উন্নতি করছেন তিনি। অসিদের বিপক্ষে সিরিজে বোলার পরিবর্তন, ফিল্ডিং সাজানোয় দেখাচ্ছেন মুনশিয়ানা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। খারাপ কিছু না হওয়ায় হোটেলে দলের সঙ্গেই ছিলেন তিনি। কাল শেষ ম্যাচের নেতৃত্ব থাকছেন। মিরাজের দলের দুজন ব্যাটার এখন টেস্ট দলেরও সদস্য। পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। এবার জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচের দলে জায়গা করে নিয়েছেন তাওহীদ হৃদয়।

বাশার জানান, লাল বলে ব্যাটিংটা সাহস নিয়ে করেন মিডলঅর্ডার এ ব্যাটার। এছাড়া রংপুরের পেস বোলিং অলরাউন্ডার রবিউল হককে নেওয়া হয়েছে দলে। তাঁকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছেন নির্বাচকরা। কাউন্টি ক্রিকেট খেলা হাসান মাহমুদও ফিরেছেন টেস্ট দলে।

আরও পড়ুন

×