ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আপনি কি আমার খেলা দেখেননি, সাংবাদিককে রোনালদোর প্রশ্ন

আপনি কি আমার খেলা দেখেননি, সাংবাদিককে রোনালদোর প্রশ্ন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৫:১২ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৫:১৪

এক বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারে প্রায় সবই জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় থাকা রোনালদোর হাতে শিরোপা ধরা দেবে কি-না, সেটা সময়ই বলে দেবে। কিন্তু বিশ্বকাপে মাঠে নামার আগেই প্রশ্ন উঠেছে রোনালদোর ফিটনেস নিয়ে। তবে ফিটনেস নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

রোনালদো তার পুরো ক্যারিয়ারে ফিটনেস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু কয়েকদিন ধরে ফিটনেস নিয়েই কানাঘুষা শুনতে হচ্ছে এই পর্তুগিজ তারকাকে। তার উপর বল পায়ে ছন্দটাও যেন ঠিকঠাক মিলছে না। পর্তুগালের জার্সিতে সবশেষ ২ ম্যাচে কয়েকটি সহজ সুযোগ পেয়েও নষ্ট করেছেন। এরপর সংবাদ সম্মেলনে ফিটনেস নিয়েও প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে লিসবনে একটি সংবাদ সম্মেলন করেছে পর্তুগাল। শুক্রবার বিকেলে সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে রোনালদো বলেন, ‘শারীরিক অবস্থা? আমি ভালো আছি। আপনি কি আমার ম্যাচগুলো দেখেননি?’

পর্তুগাল কখনো বিশ্বকাপ জেতেনি। বিশ্বমঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৬৬ সালে তৃতীয় হওয়া। এবার সেটি ছাড়িয়ে যাওয়ার আশা পর্তুজিদদের। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড তাদের। এমন দল নিয়ে অধরা বিশ্বকাপ ট্রফিটা ছুঁতে পারবেন কি-না জানতে চাইলে রোনালদো বলেন, টুর্নামেন্ট শেষেই দেখা যাবে। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও বিশেষ টুর্নামেন্ট, আমরা অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী আরও বলেন, আমাদের এই ফুটবল প্রজন্মটা দারুণ। তবে ম্যাচের কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। জয় বা পরাজয়ই এখানে আসল বিষয়। আমি বিশ্বাস করি, এই প্রজন্মের ফুটবলাররা পর্তুগালের মানুষদের অনেক আনন্দ দেবে।

দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে রোনালদো বলেন, প্রস্তুতি ভালো হয়েছে, তবে ক্লান্তিকরও ছিল। কারণ আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। ম্যাচগুলোতে আমরা ভালো খেলেছি। তবে আসল বিষয় হলো ১৭ তারিখে, প্রথম ম্যাচে যখন বল মাঠে গড়াতে শুরু করবে এবং চাপ সত্যিকার অর্থে বাড়তে থাকবে, তখনই আসল চ্যাম্পিয়নরা বেরিয়ে আসবে।

আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

আরও পড়ুন

×