ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

এমবাপ্পেকে নিয়ে সমালোচনায় বিরক্ত দেম্বেলে

এমবাপ্পেকে নিয়ে সমালোচনায় বিরক্ত দেম্বেলে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৩:৫০ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৩:৫৬

বিশ্বকাপে ফ্রান্স দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সমালোচনাকে ‘অন্যায্য’ এবং সেটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে বলে মনে করেন সতীর্থ ওসমান দেম্বেলে। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য দেম্বেলে মনে করেন, লা লিগায় রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী না হওয়ায় ভক্ত-সমর্থকদের ক্ষোভের আঁচ এসে পড়ছে এমবাপ্পের ওপর।

চলতি মৌসুমে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় রিয়াল মাদ্রিদ। যদিও ব্যক্তিগতভাবে এমবাপ্পে আসরজুড়ে ভালো পারফরম্যান্স উপহার দেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৫ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেন এই ফরাসি তারকা। ক্লাবকে শিরোপা জেতাতে না পারায় রিয়াল সমর্থকরা প্রায়ই এমবাপ্পেকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগাল করছেন। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজি তারকা দেম্বেলে বলেন, ‘তাঁকে (এমবাপ্পে) নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তা খুবই অন্যায্য। কিছু মানুষ কিলিয়ানকে (এমবাপ্পে) নিয়ে সমালোচনার সব মাত্রা ছাড়িয়ে গেছে।’

‘সে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরে খুবই ভালো একজন মানুষ। কিছু মানুষ সীমাহীন সমালোচনা করছে। কারণ, সে কিলিয়ান এমবাপ্পে। এসব মানুষকে তাঁর পেছনে লেগে থাকা উচিত নয়। এমনকি সে জুতার ফিতা লাগিয়েছে কিনা, অথবা তাঁর মোজা ঠিকভাবে পরেছে কিনা– এসব নিয়েও কথা বলছে। এটা খুবই অতিরিক্ত হয়ে যাচ্ছে। কিলিয়ান একজন রক্তমাংসের মানুষ, সেটা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ফ্রান্স দলে সে আমাদের খুবই ভালো একজন সতীর্থ এবং সে একজন নেতা।’

আরও পড়ুন

×