ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সালাহ-ডি ব্রুইনার লড়াই আজ

সালাহ-ডি ব্রুইনার লড়াই আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৮:৪১

প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা দুজন। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার প্রধান অস্ত্র ছিলেন কেভিন ডি ব্রুইনা। আর লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের প্রধান সেনানী ছিলেন মোহামেদ সালাহ। দুজনই এখন প্রিমিয়ার লিগ ছেড়ে গেছেন। ডি ব্রুইনা ইতালির ক্লাব নাপোলিতে, সালাহ বিশ্বকাপ শেষে নতুন ঠিকানায় যোগ দেবেন। আজ সিয়াটলে আবার সেই দুই অভিজ্ঞ উইঙ্গারের লড়াই দেখা যাবে। গ্রুপ ‘জি’তে বেলজিয়ামের মুখোমুখি হবে মিসর।
 
কয়েক বছর ধরে ধারাবাহিক ফুটবল খেলা বেলজিয়াম ফিফা র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে। আসরের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবেও অনেকের গণনায় আছে তারা। আর র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা মিসর চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হয়েছিল হ্যাজার্ড-ডি ব্রুইনাদের বেলজিয়ামের সোনালি প্রজন্ম। কাতার বিশ্বকাপে অবশ্য গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন তারা। সে সঙ্গে দেশটির সোনালি প্রজন্মের অনেকেই বিদায় নিয়েছেন।

ডি ব্রুইনা-লুকাকু-কর্তুয়ারাও বিদায়ী বিশ্বকাপ খেলছেন। তাই কোচ রুডি গার্সিয়া স্মরণীয় একটি বিদায় দিতে চান তাদের। অথচ গত এক দশক বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিছু প্রতিভা ছিল বেলজিয়াম দলে। এবার খুব বেশি তারকা না থাকার পরও বাছাইপর্ব সহজেই পার হয়েছে তারা। এরপর চারটি প্রীতি ম্যাচেও দাপট দেখিয়েছে তারা। যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া ও তিউনিসিয়াকে সহজেই হারিয়েছে তারা। তাই বিশ্বকাপে বেলজিয়ামকে ঘিরে আশায় বুক বাঁধছেন দেশটির সমর্থকরা।

সালাহ লিভারপুলে খেলে ত্রাস ছড়ালেও জাতীয় দলে কিন্তু চিত্রটা ভিন্ন। বিশ্বকাপে মিসরের ইতিহাস মোটেই সমৃদ্ধ নয়। সর্বশেষ ২০১৮ সালে তারা গ্রুপ পর্ব থেকে একেবারে শূন্য হাতে বিদায় নিয়েছিল। সে হতাশা ভুলে এবার তারা স্মরণীয় একটি বিশ্বকাপ উপহার দিতে চায় জাতিকে। ২০২৬-এর বাছাইপর্ব তাদের সে আশা দিচ্ছে। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয়ে এসেছে তারা। সেটা ধরে রাখতে পারলে এত সহজে পার পাবে না বেলজিয়াম। আর ইতিহাসও কিন্তু মিসরের পক্ষে। এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। আগের চার লড়াইয়ের তিনটিতেই জয় পেয়েছে ফারাওরা, একটি হেরেছে। এর মধ্যে দুই দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালের নভেম্বরে, যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল মিসর।

সে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোহামেদ সালাহ। যদিও লিভারপুলের হয়ে মৌসুমটা ভালো কাটেনি তাঁর। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় শেষ দিকে মাঠেও নামতে পারেননি। ৩৩ বছর বয়সী এ তারকা আজ শুরু থেকে মাঠে নামবেন বলে জানা গেছে। যদিও এখনও তিনি শতভাগ ফিট নন। তবে ম্যানসিটি স্ট্রাইকার ওমর মারমুশ ও ত্রেজেগুয়েত ছন্দে আছেন। রক্ষণে তাদের ভরসা রামি রাবিয়া ও ইয়াসের ইব্রাহিমও ফর্মে আছেন। বেলজিয়ামের মূল শক্তি হলো আক্রমণভাগ। ডি ব্রুইনার সঙ্গে ত্রোসার্ত ও জেরেমি ডকু সমন্বয়ে গড়া আক্রমণভাগ যথেষ্ট ভয়ংকর। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে রোমেলু লুকাকুর কারণে। কারণ ‘মিস মাস্টার’ হিসেবে খ্যাতি পাওয়া লুকাকুকে এখন কোনো ক্লাবই নিতে চায় না।

আরও পড়ুন

×