বেলিংহামকে বেঞ্চে বসানোর সাহস দেখাবেন টুখেল?
ইংল্যান্ড কোচ টুখেল ও তার শিষ্যরা। ছবি: অপ্টা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২২:৫৭
ফিল ফোডেন, কোলে পালমারদের বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল। নেননি অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি মাগুইরেকেও। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ইংলিশরা।
গুঞ্জন আছে, ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী মিডফিল্ডার জুড বেলিংহামকে বেঞ্চে বসাতে পারেন টুখেল। প্রশ্ন হচ্ছে, আসলেই কী এমন সাহস দেখাবেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জার্মান টেকনিশিয়ান?
প্রশ্ন ওঠার কারণ, প্রিমিয়ার লিগে তরুণ মিডফিল্ডার মরগান রজার্সের দুর্দান্ত সেশন। তিনি ১৪ গোলের পাশাপাশি ১১ গোলে সহায়তা দিয়েছেন। ইউরোপা লিগ জিতে অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছেন। রজার্সের ভক্তও বনে গেছেন ইংল্যান্ড কোচ টুখেল। সব মিলিয়ে প্রশ্নটা উঠছে।
সংবাদ মাধ্যমে ওই প্রশ্নের পরিষ্কার উত্তর দেননি সাবেক বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি ও চেলসির কোচ টুখেল, ‘ট্রেনিংয়ে বেলিংহামকে ভালো অবস্থায় দেখেছি। মৌসুমে তার যে ইনজুরি ছিল, কাটিয়ে উঠেছে। শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা শুরুর একাদশের জন্য আপাতত ১৪-১৫ জনকে ঠিক করেছি। জুড জানে সে তাদেরই একজন। সে যে পজিশনে খেলে টুর্নামেন্টের মধ্যে এসব দায়িত্ব যেকোন সময় বদলে যেতে পারে।’
সংবাদ মাধ্যম জানিয়েছে, টমাস টুখেল একসঙ্গে বেলিংহাম ও রজার্সকে খেলানোর উপায়ও বের করে ফেলতে পারেন। বেলিংহামের পাশাপাশি ইংল্যান্ডের শুরুর একাদশে ম্যানসিটি ডিফেন্ডার মার্ক গুহির জায়গা নিয়েও সংশয় আছে। জোন স্টোনস ও কোনসা থাকতে পারেন শুরুর একাদশে।
