ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

স্মরণীয় প্রত্যাবর্তনের আশায় কঙ্গো

স্মরণীয় প্রত্যাবর্তনের আশায় কঙ্গো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১০:৩৫

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় মধ্য আফ্রিকার ফুটবলপাগল দেশটি। তবে কাজটি বেশ কঠিন। হিউস্টনে আজ তাদের প্রতিপক্ষে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন ইওয়ান উইসা-অ্যারন ওয়ান বিসাখারা কী পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদোদের চ্যালেঞ্জ জানাতে!

কঙ্গোর বিশ্বকাপে টিকিট পাওয়ার গল্পটাই রূপকথার মতো। গত মার্চে মেক্সিকোতে আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে আসে তারা। গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন এক্সেল তোয়ানজেবে। তবে ইউরোপে লিগ খেলা কয়েকজন থাকলেও সার্বিকভাবে পুরো দলের মান ও অভিজ্ঞতার অভাব আফ্রিকান এই দলটির ভালো করার পথে সবচেয়ে বড় বাধা। 

বিশ্বকাপের আগে প্রস্তুতিও খুব একটা ভালো হয়নি। ইবোলা ছড়িয়ে পড়ায় দেশে ক্যাম্প করতে পারেনি কঙ্গো। যুক্তরাষ্ট্র আসার পরও ওই প্রাণঘাতী রোগের কারণে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে খেলোয়াড়দের। এর প্রভাব পড়েছে প্রস্তুতি ম্যাচেও। জুনের শুরু দুই প্রস্তুতি ম্যাচের একটিতে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও চিলির বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে তারা। গত আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোতে অবশ্য খেলেছিল কঙ্গো। 

কঙ্গো দলে ইউরোপে খেলা বেশ কজন তারকা আছেন। তাদের রক্ষণের প্রায় সবাই ইউরোপের পরিচিত মুখ। রক্ষণই তাদের মূল শক্তি। সেখানে আছেন ওয়েস্ট হামের রাইট-ব্যাক অ্যারন ওয়ান বিসাখা, বার্নলের স্টপার-ব্যাক এক্সেল তোয়ানজেবে, ফরাসি ক্লাব লিলের স্টপার-ব্যাক চ্যান্সেল এমবেম্বা, সান্ডারল্যান্ডের লেফট-ব্যাক আর্থার মাসুকা। 

এর মধ্যে তোয়ানজেবে হুংকার দিয়ে বলেছেন, রোনালদোর প্রতি কোনো বাড়তি শ্রদ্ধা দেখানো হবে না। অথচ রোনালদোকে আইডল মানেন তিনি। পর্তুগিজ এ তারকা যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন, তখন ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডের বাইরে ঘণ্টার পর ঘণ্টা এ ডিফেন্ডার বসে থাকতেন রোনালদোকে এক নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য।

আরও পড়ুন

×