ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

২০ বছরের তরুণের মতো ক্ষুধা রোনালদোর, দাবি কোচের

২০ বছরের তরুণের মতো ক্ষুধা রোনালদোর, দাবি কোচের
×

অনুশীলনে রোনালদো। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২১:৫৭ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ২২:৩৫

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘ছুটি’ ছোটগল্পের বিখ্যাত উক্তি, ‘তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই।’ ক্রীড়াঙ্গনে এসে ‘বালাই’ এর বয়স সম্ভবত ৩৮-৪০ বছর। এই বয়সে প্রিয় খেলাটা অনেকে না পারেন ছাড়তে, আবার খেলে গেলে সতীর্থ-কোচ-ভক্তরা মন খুলে পারেন না মানতে। 

ক্রিস্টিয়ানো রোনালদোকে যেমন সাংবাদিকরা দলের জন্য ‘বালাই’ কিংবা ‘ভার’ মনে করছেন। সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে তিনি ৩৭ গোল করে সৌদি প্রো লিগ জিতেছেন। তারপরও যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে নিজ দেশের সাংবাদিকরা তার ফিটনেস নিয়ে প্রশ্ন করেছেন। 

রসালো জবাবে সিআরসেভেন খানিকটা কষ মিশিয়ে বলেন, ‘আপনারা আমার খেলা দেখেননি।’ পরেই বলেন, ‘আমি শারীরিকভাবে ভালো অবস্থায় আছি।’ বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ওই ম্যাচের আগে পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে শুনতে হয়েছে বুড়ো রোনালদোকে নিয়ে প্রশ্ন। 

জবাবে কোচ মার্টিনেজ বলেছেন, ‘এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু তার খেলার ইচ্ছা, আকাঙ্খা, আবেগ দেখে
যে কারো মনে হবে, এটা তার প্রথম বিশ্বকাপ। সে যেভাবে দলকে প্রস্তুত হতে সহযোগিতা করতে চায়, সেটাও গুরুত্বপূর্ণ। দলের কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের ফিনিশার। মাঠে তার উপস্থিতি অন্যদের জন্য জায়গা তৈরি করে। আমাদের আক্রমণাত্মক ফুটবলে রোনালদোর গোলের সংখ্যা তার গুরত্ব ফুঁটিয়ে তোলে।’ 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ২১৭ ম্যাচ খেলে রেকর্ড ১৪৩ গোল করা পর্তুগিজ যুবরাজকে নিয়ে সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘আমাদের এই দলের অধিকাংশ রোনালদোর খেলা দেখে বড় হয়েছে। তাকে দলের কাছে পাওয়া, সাথে পাওয়া সম্মানের। তিনি দারুণ উচ্ছ্বসিত। কিছুটা চাপেও আছে। আমরা সবাই তাকে ও পর্তুগালকে সহায়তা করতে চাই।’ 

আরও পড়ুন

×