ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

‘আমরাই মেসির কাজ সহজ করে দিয়েছি’

‘আমরাই মেসির কাজ সহজ করে দিয়েছি’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১১:০৪

পরিসংখ্যান বলছে, বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে কিঞ্চিৎ এগিয়ে ছিল আলজেরিয়া। প্রতি-আক্রমণেও কম যায়নি উত্তর আফ্রিকার দেশটি। তারপরও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে আলজেরিয়া। নির্দিষ্ট করে বললে, ম্যাচটা আসলে লিওনেল মেসির কাছে হেরেছে ভ্লাদিমির পেটকোভিচের দল। কানসাস সিটিতে বুধবার সকালের ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন মেসি। তাতেই কুপোকাত হয়েছে আলজেরিয়া।

প্রতিপক্ষ হলেও মেসির পারফরম্যান্সের প্রশংসা করতে বাধ্য হয়েছেন পেটকোভিচ। তবে হারের জন্য নিজের দলের দায় দেখছেন তিনি। আলজেরিয়া কোচ জানিয়েছেন, তাঁর দলের ভুলগুলোই মেসির রেকর্ডছোঁয়া হ্যাটট্রিকের পথ সহজ করে দিয়েছে।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। সতীর্থ ডি পলের কাঁটা কম্পাসে মাপা পাস নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নেন মেসি, সেটি আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদানের হাতে লেগে গতিপথ বদলালেও ঠিকানা বদলায়নি। আশ্রয় নিয়েছে জালে। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও জিদানের ছেলের ‘অবদান’ আছে। ম্যাক অ্যালিস্টারের শট ঠেকালেও সেটি নিজের কাছে রাখতে পারেননি আলজেরিয়া গোলরক্ষক। ফিরতি বলে গোল আদায় করেন সুযোগ সন্ধানী মেসি। তবে মেসির তৃতীয় গোল ঠেকানোর সাধ্য ছিল না কোনোভাবেই!

এ কারণেই ম্যাচ শেষে প্রথম ও দ্বিতীয় গোলে ভুলের প্রসঙ্গ টানলেন আলজেরিয়া কোচ, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই ওকে (মেসিকে) সুযোগ করে দিয়েছি। আমরা ওর জন্য গোল করা সহজ করে দিয়েছি।’

তাই বলে সব দায়ভার গোলরক্ষক লুকা জিদানকে দিতে নারাজ পেটকোভিচ, ‘একজন খেলোয়াড়ের ওপর দোষ চাপানো আমার স্বভাব নয়। আমরা দল হিসেবে অনেক ভুল করেছি এবং সেগুলো থেকে শিক্ষা নিতে হবে।’

ম্যাচ হারলেও মেসিকে প্রশংসায় ভাসাতেও কার্পণ্য করেননি আলজেরিয়া কোচ, ‘আমরা এমন একজন ফুটবলারের কথা বলছি, যিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। মেসির বিশেষত্ব হলো, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। তাই তিনি অনেক কিছুই সহজভাবে করতে পারেন।’

মেসির প্রশংসার পাশাপাশি আর্জেন্টিনার দলের বন্ডিং নিয়েও কথা বলেছেন পেটকোভিচ। সবাই যে মেসিকে সমর্থন দেয়, ব্যাপারটি নজর এড়ায়নি আলজেরিয়া কোচের, ‘মেসির বড় সুবিধা হলো, পুরো আর্জেন্টিনা দল ওর জন্য খেলে। ওকে সর্বোচ্চ সমর্থন দেয়। আজকের (বুধবার) ম্যাচে আর্জেন্টিনার নেওয়া ১০ শটের ৭টিই ছিল মেসির।’

আরও পড়ুন

×