ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত 

পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত 
×

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশ রোনালদো। ছবি: ইউরো নিউজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২১:১৭ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ২১:৩০

কাতার বিশ্বকাপে একটু চোখ বুলিয়ে আসা যাক। রোনালদো প্রত্যাশা মিটিয়ে খেলতে পারছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোস তাকে বেঞ্চে রাখেন। ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচে রোনালদোর বিকল্প গঞ্জালো রামোস ৪ গোল করেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও তাকে বেঞ্চে রাখা হয়। যার ফল ভালো হয়নি।

চার বছর পরে রোনালদো একই ক্ষুধা নিয়ে খেলে যাচ্ছেন ঠিক। কিন্তু গ্রাম্য বচন অনুযায়ী ‘ভাত পাচ্ছেন না’। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের সমতা দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পর্তুগাল। রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি গোলের লক্ষ্যে কোন শট নিতে পারেননি, ড্রিবল পাস করতে পারেননি, ভালো কোন আক্রমণ গড়ে দিতে পারেননি।

বল ক্যারিয়ার করা, প্রেসিং, বিল্ডআপের সামর্থ্য তো আগেই হারিয়েছেন। কিন্তু রোনালদোর পক্ষে ঢাল হয়ে তার বোন কাটিয়া আভেইরো ভিন্ন ইঙ্গিত করেছেন, ‘তারা কেমন অদ্ভূতভাবে বলের পজিশন ফিরে পাওয়ার লড়াই করতে ভুলে গেল, কাউন্টার অ্যাটাক করতে পারলো না, মিডফিল্ড থেকে শুধু বল ব্যাক পাস দিল। এই বিশ্বকাপটা আসলেই কেমন সবকিছু অদ্ভূত লাগে।’

রোনালদোকে নিয়ে মাঠে ব্রুনো ফার্নান্দেজকে প্রতিক্রিয়া অনেকের চোখে আটকেছে। তার লক্ষ্যভ্রষ্ট শটে হাত উচিয়ে ‘কী শট’ প্রতিক্রিয়া দেখান। রোনালদোকে নিয়ে ম্যাচ শেষে তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেসের সামাজিক মাধ্যমে করা পোস্ট আগুনে ঘি ঢেলেছে, ‘আমরা জানি, রোনালদো দলের জন্য কী কী করেছেন, কিন্তু এখন তিনি দলের অন্যদের থেকে ভিন্ন কেউ নন। দলের একজন খেলোয়াড় মাত্র।’

বিষয়টি এখানেই শেষ হয়নি। ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে করা একটি পোস্টে রোনালদোর বোন লাইক দিয়ে ভাইরাল হন। যাতে লেখা ছিল‘সে (ব্রুনো) আর দশজনের মতো একজন সাধারণ খেলোয়াড় মাত্র। যখন দলে খুব করে একজন নেতার দরকার ছিল, তখন তাকে মাঠে খুঁজেই পাওয়া গেল না। অন্যের ওপর দায় ও দায়িত্ব চাপিয়ে হাওয়া হয়ে গেল।’ 

আরও পড়ুন

×