ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নিন্দে-মন্দর প্রস্তুতিও নিয়ে এসেছে পর্তুগাল 

নিন্দে-মন্দর প্রস্তুতিও নিয়ে এসেছে পর্তুগাল 
×

পর্তুগালের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৯:১৯

পর্তুগালের ত্রিমুখী দ্বন্দ্বের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দিলে সমালোচনা হতো। বেঞ্চে রেখে ম্যাচ হারলে বা ড্র করলে সমালোচনা হবে। আবার শুরুর একাদশে রেখে ম্যাচ হারলে বা ড্র করলেও তীব্র প্রতিক্রিয়া ধেঁয়ে আসবে। ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজরা ড্র করায় যেমন সমালোচনা হচ্ছে। 

বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে, নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন পর্তুগালের ফুটবলার ও কোচিং স্টাফরা। নিন্দে-মন্দ হবে এমন ধারণা থেকে প্রস্তুতিও নিয়ে এসেছে তারা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় উজবেকিস্তানের বিপক্ষে নামবে পর্তুগাল। ওই ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ডিয়াগো দালত এমনটাই জানিয়েছেন। 

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুব স্বাভাবিক। বিশ্বকাপে আসার আগে লকার রুমে আমরা এটা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমরা জানতাম, সুযোগ পেলেই আমাদের ধুঁয়ে দেওয়া হবে। আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে, একটু এদিক-ওদিক হলে আমাদের নিন্দে-মন্দ শুনতে হবে। কারণ আমাদের দলে রোনালদোর মতো ফুটবলার আছেন।’ 

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র’র পর রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নিজেই সব গোল করতে চাওয়ার মানসিকতার সমালোচনা করা হয়েছে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী থিয়েরি অঁরিই যেমন বলেছেন, রোনালদোর গোল পাওয়ার চেয়ে পর্তুগালের গোল পাওয়া বেশি জরুরি। 

দালত জানিয়েছেন, বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে আলোচনা করে এটার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা, ‘আমরা সম্ভাব্য সমালোচনার বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। আমরা জানতাম, সমালোচনা হবে, মিথ্যা ছড়ানো হবে, অন্যায্য কথা বলা হবে। তবে আমরা এরই মধ্যে এই বার্তাটা দিতে পেরেছি যে, আমরা মানসিকভাবে দৃঢ় অবস্থানে আছি।’

বিশ্বকাপে ৪১ বছর বয়সী রোনালদোকে দলে নেওয়া প্রসঙ্গেও অল্প কথায় কড়া বার্তা দিয়েছেন প্রথম ম্যাচে শুরুতে বেঞ্চ বসা দালত, ‘রোনালদোর বিশ্বকাপ দলে থাকা দরকার, তাই তিনি আছেন। দলে তিনি আত্মবিশ্বাস ছড়িয়ে দিচ্ছেন। তিনিও জানতেন সমালোচনা হবে। তিনি সমালোচনা সামলাতেও জানেন। তিনি যতদিন জাতীয় দলে খেলতে চান, খেলবেন। আমরাও তাকে নিয়ে খেলতে প্রস্তুত।’ 

আরও পড়ুন

×