ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বোচ্চ গোলের আগে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি

সর্বোচ্চ গোলের আগে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০০:০৮ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ০০:৪০

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারলেই তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখাতেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু সেই সুযোগটি মিস করেছেন তিনি। কিন্তু পেনাল্টি মিস করেও রেকর্ড গড়েছেন মেসি। সহজ সুযোগ হাতছাড়া করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ড গড়েন তিনি।

বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি নিজের দখলে নিয়ে নিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশিবার পেনাল্টি মিসের রেকর্ড মেসির।

এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড মিস করেন মেসি। প্রথম দুবার গোলকিপার তার শট ঠেকিয়ে দেন। এবার মেসি বল মারেন পোস্টের বাইরে।

সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় ডি-বক্সে লাউতারো মার্তিনেজকে দুই পাশ থেকে ট্যাকল করেন জেভার শ্ল্যাগার ও স্তেফান পশ। আর্জেন্টাইন খেলোয়াড়দের তোলা ফাউলের আবেদন শুরুতে রেফারি এড়িয়ে গেলেও ভিএআরে আসে পেনাল্টির সিদ্ধান্ত। কিন্তু পেনাল্টি নিতে গিয়ে হতাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডালাসে মাত্র ১২ গজ দূর থেকে শট নিয়েও মেসি বল মারেন গোলপোস্টের বাইরে। ঝাঁপিয়ে পড়া অস্ট্রিয়ান গোলরক্ষক আলেক্সান্দার শ্ল্যাগারকে আটকাতেও হয়নি মেসির নেওয়া শট। ডানদিকের পোস্টের বেশ বাইরে দিয়ে বল চলে যায় সীমানার বাইরে।

এদিকে ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে মেসি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন। এর মধ্যে ৩৩টি পেনাল্টিই মিস করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন।

আরও পড়ুন

×