ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হ্যারি কেইনদের আজ ঘানা চ্যালেঞ্জ

হ্যারি কেইনদের আজ ঘানা চ্যালেঞ্জ
×

আহসান হাবিব সম্রাট

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১০:৩৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১০:৩৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্ত পরীক্ষা দিতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দেয় থ্রি লায়নরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এবার আফ্রিকান শক্তি ঘানার মুখোমুখি হচ্ছে ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। ইংল্যান্ডের মতো ঘানাও জয় দিয়ে আসর শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ব্ল্যাক স্টাররা। আজ রাতে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংল্যান্ড ও ঘানার লড়াইয়ে জয়ী দল এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা করে নেবে। একই সঙ্গে বিজয়ীরা গ্রুপ টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করবে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে অন্যতম ফেভারিট দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম ম্যাচে ২০১৮ আসরের রানার্সআপদের হারিয়ে নিজেদের ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়েছে থ্রি লায়নরা। যে ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করতে না পারলেও দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্স উপহার দেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। থ্রি লায়নদের পক্ষে জোড়া গোল করেন হ্যারি কেইন। এ ছাড়া একটি করে গোল করেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড। অন্যদিকে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি ঘানা। ম্যাচের অন্তিম মুহূর্তে ক্যালেব ইরেনকেয়ির গোলে জয় পায় ব্ল্যাক স্টার্স দল। যে দলটির কোচ হিসেবে রয়েছেন খ্যাতিমান কোচ কার্লোস কুইরোজ। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে কুইরোজের ভালো জানাশোনা থাকায় ম্যাচে শক্ত পরীক্ষার মুখে পড়তে হতে পারে ইংল্যান্ডকে।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ঘানার সর্বশেষ লড়াই হয়েছে এক যুগের বেশি সময় আগে। ২০১১ সালে অনুষ্ঠিত ইউরোপ ও আফ্রিকার দুই দলের লড়াইয়ে জয় পায়নি কেউই। ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। যে ফল আজকের ম্যাচে ঘানাকে অনুপ্রেরণা জোগাবে। আবার পরিসংখ্যান থেকে অভয় পেতে পারে থ্রি লায়নরাও। যে দলটি বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে। এর মধ্যে পাঁচটিতে জয় ও তিনটিতে ড্র করেছে ইংল্যান্ড। তবে ৬০ বছর পর আবার বিশ্বকাপে শিরোপা স্বপ্নে বিভোর দলটির শক্তির গভীরতা বোঝা যাবে মঙ্গলবারের ম্যাচেই।

যদিও বিশ্বকাপে ঘানার রেকর্ডও তেমন সুখকর নয়। ২০১০ টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছিল ব্ল্যাক স্টাররা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই আসরে কোয়ার্টার ফাইনালে লুই সুয়ারেজের কুখ্যাত হ্যান্ডবল ঘানার সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দেয়। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ঘানার প্রায় নিশ্চিত গোল হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ার পর পরে পেনাল্টি শুটআউটে জিতে শেষ চারে জায়গা করে নেয় উরুগুয়ে।

ইংল্যান্ড প্রথম ম্যাচে রক্ষণভাগে নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলেছে। তবে এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে গড়া কোচ টুখেলের দল নিজেদের দিনে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। হ্যারি কেইন, বেলিংহামদের পাশাপাশি ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জর্ডান পিকফোর্ড, জন স্টোনরা ঘানার বিপক্ষে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেওয়ার সামর্থ্য রাখেন। এ ছাড়া বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ডদের নিয়ে গড়া থ্রি লায়নদের সাইড বেঞ্চও বেশ শক্তিশালী। অন্যদিকে ঘানা দলে ম্যাচ জেতানোর মতো তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি নেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অঘটন ঘটাতে তারা তাকিয়ে থাকবে প্রথম ম্যাচে জয়সূচক গোল এনে দেওয়া ক্যালেব ইরেনকিয়ি ও ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটিতে খেলার অভিজ্ঞতাসম্পন্ন অ্যান্টোইন সেমেনোর দিকে।

আরও পড়ুন

×