ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অস্ট্রিয়া কোচও মানলেন, মেসিই সেরা

অস্ট্রিয়া কোচও মানলেন, মেসিই সেরা
×

অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৩:২২

চলমান বিশ্বকাপে আরও একটি জাদুকরী রাত উপহার দিলেন লিওনেল মেসি। ড্যালাসে অস্ট্রিয়ার বিপক্ষে তার চোখধাঁধানো জোড়া গোলে ২-০ ব্যবধানের জয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সাথে ক্লোসাকে টপকে বিশ্বমঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনও নিজের করে নিয়েছেন এলএমটেন। ম্যাচ শেষে এমন পারফরম্যান্সের জন্য মেসির প্রশংসা করেছেন অস্ট্রিয়ার অভিজ্ঞ কোচ রাল্ফ রাংনিক।

ম্যাচ শেষে অস্ট্রিয়া বস রাংনিক অকপটে স্বীকার করেন, ৩৯ বছর বয়সেও মেসির ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা অবিশ্বাস্য। তিনি বলেন, ‘যদি ৩৯ বছর বয়সে কেউ বিশ্বকাপের শুরুতেই (দুই ম্যাচে) পাঁচ গোল করে ফেলতে পারে, সেটাই আসলে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। মেসি আবারও দেখিয়ে দিয়েছে যে সে-ই সেরা। একটি ম্যাচের ভাগ্য নিজের দিকে নির্ধারণ করতে তার খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না।’

ম্যাচ শেষে মেসির মাঠের প্রভাব নিয়ে কথা বলেছেন অস্ট্রিয়ার তারকা মিডফিল্ডার কনরাড লাইমারও। লাইমার বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে বল হারালে, বিশেষ করে সেই বল যদি ১০ নম্বর জার্সিধারীর (মেসি) কাছে যায়, তাহলে সে ঠিক জানে কী করতে হবে। আমরা আজ বহুবার সেটা দেখেছি। তারা অসাধারণ দল এবং মেসিই সেই দলের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।’

চলতি আসরে মাত্র দুই ম্যাচেই ৫ গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন মেসি। তার এমন খুনে ফর্মের ওপর ভর করেই এক ম্যাচ হাতে রেখে নকআউটের টিকিট পকেটে পুরল আর্জেন্টিনা।

আরও পড়ুন

×