কঙ্গোর দেয়াল ভেঙে কষ্টার্জিত জয়ে নকআউটে কলম্বিয়া
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১০:১২ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১০:১৬
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে তখন চলতি বিশ্বকাপের ‘কে’ গ্রুপের রোমাঞ্চকর এক লড়াই। একদিকে কলম্বিয়ার একের পর এক আক্রমণ, অন্যদিকে গোলপোস্টের নিচে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির অতিমানবীয় প্রাচীর। তবে ম্যাচের ৭৬ মিনিটে সেই দেয়াল ভেঙে অবশেষে ভাঙল ডেডলক। দানিয়েল মুনিয়েজের গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই কঙ্গোকে চেপে ধরে কলম্বিয়া। ম্যাচের ৪ মিনিটেই জন আরিয়াসের শট ঠেকিয়ে দেন কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসি। এর ৪ মিনিট পর দানিয়েল মুনিয়েজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ২০ মিনিটের মধ্যে অন্তত ৫টি নিশ্চিত গোল বাঁচিয়ে একাই কঙ্গোকে ম্যাচে টিকিয়ে রাখেন এমপাসি। প্রথমার্ধে মোট ৬টি অবিশ্বাস্য সেভ করে কলম্বিয়াকে গোলশূন্য সমতায় রুখে দিয়ে বিরতিতে যায় কঙ্গো।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন লিভারপুল তারকা লুইস দিয়াজ। মাত্র দুই মিনিটের ব্যবধানে দু-দুবার কঙ্গোর জালে বল পাঠান এই ফরোয়ার্ড। কিন্তু প্রথমটি বল জড়ানোর আগে কঙ্গো ডিফেন্ডারকে ফাউল করায় এবং পরেরটি অফসাইডের কারণে বাতিল হলে হতাশায় ডুবে কলম্বিয়া শিবির।
তবে ম্যাচের ৭৬ মিনিটে আর কলম্বিয়াকে আটকে রাখা যায়নি। প্রথমার্ধে অফসাইডে গোল হারানো দানিয়েল মুনিয়েজ এবার আর কোনো ভুল করেননি। বক্সে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে নিচু শটে কঙ্গোর জাল কাঁপান এই ডিফেন্ডার। পুরো ম্যাচে মোট ৮টি সেভ করা কঙ্গো গোলরক্ষক এমপাসি সেই শটের সময় স্রেফ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করার পাশাপাশি ‘কে’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করল কলম্বিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার মায়ামিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তারা।
- বিষয় :
- কলম্বিয়া
- ডিআর কঙ্গো
- বিশ্বকাপ ফুটবল
