কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৫:৪৪ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৫:৫৫
ঘানার বিপক্ষে নিষ্প্রভ থাকা হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করার দাবি করেছিলেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক ও তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম। এবার পানামার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড অধিনায়কের ওপর থেকে সব ধরনের ‘জাদু’ তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে পানামার বিপক্ষে ইনিংশ অধিনায়ক গোল করবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন বোনসাম।
এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থেকেই মাঠে নেমেছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের দেখা পান তিনি। গ্রুপপর্বের সেই ম্যাচে ক্রোয়েটদের ৪-২ গোলে হারায় ইংলিশরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।
অধিনায়ক হ্যারি কেইনও ছিলেন নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনি বলার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি। একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটেও বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। এমন ছন্দপতনের কারণ হিসেবে কেইনের ওপর ‘কালো জাদু’ করার দাবি করেছিলেন ঘানার আলোচিত সেই আধ্যাত্মিক সাধক ও তান্ত্রিক।
তবে ঘানার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্র হওয়ার পরই কেইনের ওপর থেকে সব ধরনের ‘অভিশাপ’ তুলে নেওয়া হয়েছে দাবি করেছেন বোনসাম। এমনকি পানামার বিপক্ষে হ্যারি কেইন গোলের দেখা পাবেন বলেও দাবি করেন তিনি।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ পানামা। বাংলাদেশ সময় রোববার রাত ৩টায় মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে বোনসাম বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি যেন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।’
"He's going to perform very good, you mark my words."
— LBC (@LBC) June 24, 2026
The Ghanaian witch doctor who put a curse on Harry Kane confirms it has been lifted.@HenryRiley1 tries to recruit him to the England cause... pic.twitter.com/HegUgr5Jsl
তিনি আরও বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। আমি শুধু আমার নিজ দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি।’
কেইনের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে এই তান্ত্রিক বলেন, ‘আমার একটি পুত্রসন্তান আছে। আমি ওর নাম রাখব হ্যারি কেইন। কারণ, আমি কেইনের খেলা অনেক আগে থেকেই ভালোবাসি।’
এর আগেও এমন দাবি করে নানা কওয়াসু বোনসাম আলোচনায় এসেছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে হাঁটুর চোটে পড়েছিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় রোনালদোর ইনজুরির পেছনে নিজের জাদুটোনার ভূমিকা ছিল বলেও দাবি করেছিলেন তিনি।
তবে কালো জাদু বা অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স প্রভাবিত করা যায় এমন দাবির পক্ষে গ্রহণযোগ্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বোনসামের বক্তব্য তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত।
- বিষয় :
- হ্যারি কেন
- ইংল্যান্ড
- ঘানা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- পানামা
