ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

কেইনের রেকর্ড গোলে পানামাকে হারিয়ে গ্রুপসেরা ইংল্যান্ড

কেইনের রেকর্ড গোলে পানামাকে হারিয়ে গ্রুপসেরা ইংল্যান্ড
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:২১

অধিনায়ক হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পাওয়া এই জয়ে সাত পয়েন্ট নিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।

বৃষ্টিভেজা ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর বদলে যায় চিত্র। ৬১তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুড বেলিংহাম নিখুঁত শটে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এর কয়েক মিনিট পর বেলিংহামের বাড়ানো বল থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। শেষ পর্যন্ত এই দুই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১১-তে নিয়ে যান কেইন। তাতেই ১০ গোল করা গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন এই স্ট্রাইকার। এবারের আসরে এটি তার তৃতীয় গোল।

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এই জয় স্বস্তি এনে দিয়েছে ইংল্যান্ড শিবিরে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তুলনামূলক সুবিধাজনক পথেই নকআউট পর্বে যাচ্ছে টুখেলের দল।

আগামী ১ জুলাই (বুধবার) আটলান্টায় রাউন্ড অব ৩২-এ তৃতীয় স্থান অধিকারী সেরা দলগুলোর একটির মুখোমুখি হবে ইংল্যান্ড।

আরও পড়ুন

×