আর্জেন্টিনা ৩ - ১ জর্ডান
ফ্রি-কিক থেকে জর্ডানকে স্তব্ধ করে মেসির বিশ্ব রেকর্ড
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৯:২২ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৯:৫৩
আবারও ফ্রি-কিক, আবারও গোল এবং আবারও ইতিহাসের পাতায় লিওনেল মেসি! ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়েছেন ফুটবল মহাতারকা। সেই সাথে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭টি ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
মাঠে নামার পর থেকেই জর্ডানের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলেন মেসি। ম্যাচের ৭৯ মিনিটে বল পায়ে জর্ডানের দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে বক্সের ঠিক বাইরে এগিয়ে যাওয়ার সময় তৃতীয় ডিফেন্ডারের ফাউলের শিকার হন তিনি। ফলে বক্সের একদম কাছে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।
৮০ মিনিটে ফ্রি-কিক নেওয়ার জন্য বলের সামনে দাঁড়ান লিওনেল মেসি। জর্ডানের তৈরি করা মানবদেয়াল ভেদ করে বাঁ পায়ের জাদুকরী শটে বল জালে জড়িয়ে দেন তিনি। জর্ডান গোলরক্ষকের স্রেফ দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার নতুন কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির এই গোল জর্ডানের ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ করে দিয়েছে। গোল উদযাপনের পরপরই ৮২ মিনিটে হুলিয়ান আলভারেজকে তুলে নিয়ে তরুণ লোপেজকে মাঠে নামান কোচ স্কালোনি।
গোল হজম করল আর্জেন্টিনা, মাঠে নামলেন মেসি
জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন লিওনেল মেসি। ম্যাচের ৫৯ তম মিনিটে লাউতারো মার্তিনেজের বদলি হিসেবে মাঠে নামলেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেক স্কোরার জিওভানি লো সেলসোকে তুলে নিয়ে তার জায়গায় নামানো হয়েছে থিয়াগো আলমাদাকে।
ম্যাচের ১৯ মিনিটে লো সেলসো ফ্রি কিক থেকে দারুণ গোল করেছেন। এরপর পেনাল্টি থেকে গোল করেন লাউতারো। বিরতির পর ব্যবধান কমান জর্ডানের বদলি হিসেবে খেলতে নামা মুসা আর তামারি। ম্যাচের ৫৫ তম মিনিটে দারুণ এক গোল করলেন তিনি।
গোল হজম করল আর্জেন্টিনা, ব্যবধান কমাল জর্ডান
ডালাসে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া জর্ডান। বদলি খেলোয়াড় আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ২-১ করেছে তারা। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো গোল হজম করল লিওনেল স্কালোনির দল।
এর আগে প্রথমার্ধের দাপট দ্বিতীয়ার্ধেও ধরে রেখেছিল আলবিসেলেস্তেরা। ৪৬ মিনিটে সাইডলাইনে ওয়ার্ম-আপ শুরু করেন লিওনেল মেসি। যা দেখে উল্লাসে মাতে গ্যালারির দর্শকরা। এর কিছুক্ষণ পর ৪৮ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল নিয়ে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন লো সেলসো। তবে লাউতারো মার্তিনেজ শুরুতে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। ৫৩ মিনিটে লাউতারোর আরও একটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে তৃতীয় গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।
ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসি মাঠে নামার জন্য সাইডলাইনে পুরোপুরি প্রস্তুত হচ্ছিলেন, তখনই ঘটে অঘটন। এমন সময় আর্জেন্টিনার রক্ষণভাগ কিছুটা মনোযোগ হারিয়ে ফেলে। আর সেই সুযোগটিই লুফে নেয় জর্ডান। ডান প্রান্ত থেকে জর্ডানের হাদ্দাদ আর্জেন্টিনার রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সের ভেতর একটি পাস দেন। সেখানে আলবিসেলেস্তে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জর্ডানের বদলি ফরোয়ার্ড আল তামারি আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন।
চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ অক্ষত রাখার পর প্রথম গোল হজম করলো এমিলিয়ানো মার্তিনেজ। এই আকস্মিক গোলে ব্যবধান কমিয়ে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের স্কোরলাইন এখন ২-১।
- বিষয় :
- আর্জেন্টিনা
