ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাজিলের বিপক্ষেও ‘মেসিকে’ পাচ্ছে না জাপান

ব্রাজিলের বিপক্ষেও ‘মেসিকে’ পাচ্ছে না জাপান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:৪৪

ট্যাকনিক্যাল দক্ষতার কারণে অনেকে তাকে ‘জাপানিজ মেসি’ নামেও ডাকেন। ক্লাব ফুটবলে সোসিয়েদাদের হয়ে খেলা তাকেফুসা কুবোকে বর্তমানে জাপানের অন্যতম সেরা তারকা হিসেবেই বিবেচনা করা হয়। এবারের বিশ্বকাপে তাকে ঘিরে বড় কিছুর স্বপ্ন দেখছিল জাপানিজরা। কিন্তু নকআউট পর্বে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল জাপান। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ব্রাজিলের বিপক্ষেও কুবোকে পাচ্ছে না ব্লু সামুরাইরা।

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ বছর বয়সী এই উইঙ্গার অনুশীলন করলেও ব্রাজিলের বিপক্ষে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।

সংবাদ সম্মেলনে কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘সে এখনও শুধু ব্যক্তিগতভাবে রানিং ও ট্রেনিং করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে পারছে না। আমরা সবাই চাই যে, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

আক্রমণভাগের অন্যতম ভরসা ও তরুণ মিডফিল্ডার তাকেফুসা কুবোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে জাপান। নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাম হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তাকে পায়নি জাপান।

দলের সেরা তারকাকে না পেলেও ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বপ্নই দেখছেন জাপানি কোচ। তাদের সেই স্বপ্নে রসদ যোগাচ্ছে শেষ দেখায় ব্রাজিলকে হারানোর স্মৃতি। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান।

মোরিয়াসু বলেন, ‘র‌্যাংকিং কিংবা শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে। তারা টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। অনেকেই হয়তো আমাদের আন্ডারডগ বলবে এবং আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। তবে গত বছর যখন আমরা ওদের হারিয়েছিলাম, তখনও কেউ আমাদের ওপর বাজি ধরেনি। আমাদের বিশ্বাস আছে, আজ আমরা ইতিহাস বদলে দিতে পারব। পুরো বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে।’

আরও পড়ুন

×