ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাজিলের বিপক্ষে যে ভুল এড়াতে চায় জাপান

ব্রাজিলের বিপক্ষে যে ভুল এড়াতে চায় জাপান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১২:২৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৩:০৭

১৯৯৮ সালে অভিষেকের পর অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে জাপান। এর মধ্যে টানা তৃতীয়বার টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি। এর আগে রাশিয়া ও কাতার বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিলেও কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় ব্লু সামুরাইরা। সর্বশেষে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩ খেলোয়াড়ের পেনাল্টি মিসের খেসারত দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতে এবার বাড়তি সতর্ক জাপানের কোচ হাজিমে মারিয়াসু।

গ্রুপপর্বের লড়াই শেষে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। এবার নকআউট পর্বের সেই বাঁধা পেরোতে এশিয়ান জায়ান্টদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মারিয়াসু বলেন, ‘যদি আজ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ইচ্ছার ওপর পেনাল্টি নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। এবার কার পর কে শট নিতে যাবে, সেই সিরিয়াল বা ক্রমটি কোচ হিসেবে আমি নিজেই নির্ধারণ করে দেব।’

গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। এবার বৈশ্বিক মঞ্চেও সেই স্মৃতি ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন জাপানি কোচ। তিনি বলেন, ‘র‌্যাংকিং কিংবা শক্তিমত্তার বিচারে ব্রাজিল অনেক এগিয়ে। তারা টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। অনেকেই হয়তো আমাদের আন্ডারডগ বলবে এবং আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। তবে গত বছর যখন আমরা ওদের হারিয়েছিলাম, তখনও কেউ আমাদের ওপর বাজি ধরেনি। আমাদের বিশ্বাস আছে, আজ আমরা ইতিহাস বদলে দিতে পারব। পুরো বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে।’

ব্রাজিলকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন হাজিমে মারিয়াসু। তার ভাষ্য, ‘আমরা ইতিমধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছি এবং দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছি। এটা আসলে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ারই একটা অংশ। সত্যি বলতে, আসল বিশ্বকাপ তো এখান থেকেই শুরু হচ্ছে। দল এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে। যদিও ম্যাচগুলো বেশ কঠিন ছিল।’

তিনি আরও বলেন ‘সামনে আমাদের জন্য অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ অপেক্ষা করছে। এই ম্যাচে জয় তুলে নিতে হলে আমাদের নিজেদের সেরাটাই খেলতে হবে। একই সঙ্গে আমরা মাঠে আমাদের উন্নতির গ্রাফ ফুটিয়ে তুলতে চাই। ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে আমরা তাদের ছেড়ে কথা বলব না। মাঠের লড়াইয়ে আমরা তাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত।’

আরও পড়ুন

×