ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সন্তান হারানোর শোক নিয়েই মাঠে নামবেন তিনি

সন্তান হারানোর শোক নিয়েই মাঠে নামবেন তিনি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৪:৫৮

নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছিলেন কোডি গাকপো। এর মধ্যেই এক হৃদয়বিধারক খবর পান লিভারপুলের এই ডাচ তারকা। গর্ভাবস্থায় মারা যায় তাদের অনাগত সন্তান। তবে সন্তান হারানোর সেই শোক সঙ্গী করেই নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোডি।

‘এফ’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। শেষ বত্রিশে ডাচদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো। আগামী ৩০ জুন বাংলাদেশ সময় ৭টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে।

শনিবার গাকপোর স্ত্রী সামাজিক মাধ্যমে তাদের অনাগত সন্তান হারানোর খবর জানান। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গাকপো আবার নেদারল্যান্ডস দলে যোগ দেন। দলের প্রধান কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, গাকপো মরক্কোর বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে কোমান বলেন, ‘আমরা খুবই দুঃখজনক একটি খবর পেয়েছিলাম। কোডি (গাকপো) এবং তার পরিবারের জন্য আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফরা সবাই মিলে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েকদিন তাকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে এবং ফিরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছে।’

ডাচ কোচ আরও বলেন, ‘সে একবারও বলেনি যে, সে দল ছেড়ে চলে যেতে চায়। এটাই তার মানসিক দৃঢ়তা ও পরিপক্বতার প্রমাণ। সে খেলতে প্রস্তুত। আমার মনে হয় না, এই ঘটনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে। সে নিজের মতো করে সবকিছু মোকাবিলা করবে। সে মানসিকভাবে খুবই শক্ত একজন মানুষ এবং আমরা সবসময় তার পাশে আছি।’

অধিনায়ক ভিরগিল ফন ডাইকও গাকপোর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি ভয়াবহ একটি খবর। এমন ঘটনা মনে করিয়ে দেয় যে ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে জিজ্ঞেস করা- তার কী প্রয়োজন। তবে কোডি (গাকপো) তার কঠিন সময় সামলে উঠেছে এবং নকআউট পর্বে খেলার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন

×