ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জার্মানিকে সেই লিনেকারের নতুন খোঁচা

জার্মানিকে সেই লিনেকারের নতুন খোঁচা
×

কাই হাভার্টজ ও গ্যারি লিনেকার। ছবি: সংগৃহীত

গোল ডটকম

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৯:৫৯

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষে সোমবার রাতে (বাংলাদেশ সময়) মাঠে নামবে জার্মানি। এর আগে কাই হাভার্টজদের নিয়ে বেশ কড়া ভাষায় মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও ধারাভাষ্যকার গ্যারি লিনেকার।

এক সময় জার্মানিকে নিয়ে লিনেকার বলেছিলেন, ‘ফুটবল একটি সহজ খেলা। ২২ জন মানুষ ৯০ মিনিট ধরে একটি বলের পেছনে দৌড়ায় এবং শেষে জার্মানরাই জেতে।’ সেই লিনেকার এবার নাগেলসম্যানের দলকে ‘অন্যতম দুর্বল দল’ বলে অ্যাখ্যা দিয়েছেন। জার্মান শিবির থেকেও এই মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে।

ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে লিনেকার বলেন, জার্মানির ইতিহাসে তাঁর দেখা ‘অন্যতম দুর্বল’ দল এটি। জার্মানি যদি রাউন্ড অব ৩২ পার হয়ে শেষ ১৬-তে ফ্রান্সের মুখোমুখি হয়, তবে ফরাসিরা কোনো রকম সমস্যা ছাড়াই কোয়ার্টার ফাইনালে যাবে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে লিনেকার এমন সময়ে মন্তব্যটি করলেন যখন এমনিতেও দলটি নানামুখী চাপে আছেন। গ্রুপ পর্বে ইকুয়েডরের কাছে হারের পর থেকে হাভার্টজরা দেশের মাটিতে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। 

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কাই হাভার্টজ এসব সমালোচনাকে যেন পাত্তাই দিতে চাইলেন না। আর্সেনালের এই স্ট্রাইকার বলেন, ‘সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে। বড় টুর্নামেন্ট চলাকালে অনেকে অনেক কথা বলবে। তবে আমার মনে হয় না স্কোয়াডের কেউ এসবে কান দেয়।’

লিনেকারের মন্তব্যের দিকে ইঙ্গিত করে জার্মান এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের দেশে এমন বিশেষজ্ঞের অভাব নেই। এখন যদি অন্য দেশের মানুষও এভাবে শুরু করে, তবে একটা সময়ে এসে বলতে হয়- এনাফ ইজ এনাফ। বাইরে থেকে সমালোচনা করাটা সবসময়ই সহজ। সত্যি বলতে, এসব নিয়ে আমি বিন্দুমাত্র মাথা ঘামাই না।’

আরও পড়ুন

×