ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভয়ংকর ত্রয়ীর সামনে সুইডেন

ভয়ংকর ত্রয়ীর সামনে সুইডেন
×

নাজমুল হক নোবেল

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১২:২৫

বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের সঙ্গে তাঁর জুটিটা বেশ জমেছে। অফফর্মে থাকা আরেক ফরোয়ার্ড উসমান দেম্বেলেও শেষ গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। এমবাপ্পে, ওলিসে, দেম্বেলে– ফরাসি ফরোয়ার্ড লাইনের তিনজনই ভয়ংকর হয়ে উঠেছেন। অথচ সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের মতে, এই ত্রয়ী এখনও নিজেদের সেরাটা একসঙ্গে মেলে ধরতে পারেননি। তারা একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী অবস্থা হবে! সুইডেনের বিপক্ষে নকআউট পর্বে কি বিধ্বংসী রূপে দেখা যাবে তাদের? নাকি খোঁড়াতে খোঁড়াতে নকআউটে এসে অঘটন ঘটিয়ে দেবে সুইডেন!

২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও গত আসরে ফাইনাল খেলা ফ্রান্স এবারও হট ফেভারিট। কেন তাদের শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে, সেটা এরই মধ্যে তিন ফরোয়ার্ড প্রমাণ করে দিয়েছেন। তারা দাপটের সঙ্গে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে নকআউটে এসেছেন। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১, এরপর ইরাককে ৩-০ গোলে পরাজিত করেন তারা। দুই ম্যাচেই জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তবে শেষ গ্রুপ ম্যাচটির দিকে আলাদা নজর ছিল ফুটবলপ্রেমীদের। এবারের আসরের ডার্কহর্স হিসেবে বিবেচিত নরওয়ের বিপক্ষে ম্যাচটিকে অনেকেই ফ্রান্সের জন্য কঠিন পরীক্ষা মনে করেছিলেন। কিন্তু সেই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন উসমান দেম্বেল। নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে অন্যদের বার্তাও দিয়ে দিয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের শিষ্যরা গ্রুপ পর্বে সর্বোচ্চ ১০ গোল করেছেন। এমবাপ্পে ও দেম্বেলে ৪টি করে গোল করেছেন।

সুইডেন দলেও দুর্ধর্ষ দুজন স্ট্রাইকার আছেন। ২২ বছর পর আর্সেনালের প্রিমিয়ার শিরোপা পুনরুদ্ধারের অন্যতম নায়ক ভিক্টর ইয়োকেরেস ও ইংলিশ রেকর্ড ট্রান্সফার ফিতে গত মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া আলেকজান্দার ইসাকের জুটিটা ভীতি ছড়াবে বলেই প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু তারা প্রত্যাশার ধারেকাছেও যেতে পারছেন না। তাদের নিষ্প্রভতায় গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে নকআউটে গেছে সুইডেন। যদিও তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় দিয়ে তারা আসর শুরু করেছিল। কিন্তু পরের ম্যাচেই ডাচদের কাছে সমান ব্যবধানে হারে। শেষ গ্রুপ ম্যাচে জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে ভাগ্যক্রমে নকআউটে যায়।

ফ্রান্সকে ফেভারিট বলার আরও একটি কারণ হলো তাদের বেঞ্চের গভীরতা। আক্রমণভাগের আলোচিত ত্রয়ীর বাইরেও উইঙ্গার দেজিরে দুয়ে ভালো খেলছেন। ব্রাডি বারকোলাকে তো দুর্ভাগাই বলতে হবে। দুই গোল করেও বেঞ্চে বসে থাকতে হচ্ছে তাঁকে। রায়ান শেরকি বদলি হিসেবে মাঠে নামলেও পর্যাপ্ত সময় পাচ্ছেন না। নরওয়ের বিপক্ষে বিশ্রামে ছিলেন তারকা সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা। আর্সেনালের এই ডিফেন্ডারের হালকা চোট আছে। তবে আজ তিনি ফিরছেন বলে জানা গেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অরেলিয়াঁ চুয়ামেনির সঙ্গে ফিরছেন আদ্রিয়াঁ রাবিও। দুজনই কোচ দেশমের পছন্দের। ফলে আজ বেঞ্চে বসতে হবে মানু কোনেকে। আর আক্রমণভাগে তারকা ত্রয়ীর সঙ্গে থাকছেন দেজিরে দুয়ে।

সুইডেনের দুই তারকা স্ট্রাইকার ইসাক ও ইয়োকেরেসের চেয়ে বরং অ্যান্থনি এলেঙ্গা ভালো খেলছেন। জাপানের বিপক্ষে তাঁর দূরপাল্লার শটের গোলেই ভাগ্য খুলেছিল সুইডিশদের। ফ্রান্সের বিপক্ষেও তাঁর দুর্দান্ত গতি দলের বড় শক্তি হয়ে উঠতে পারে। ইসাক হেইনের চোটের কারণে আজ মিডফিল্ড থেকে আবার ডিফেন্সে নামতে হতে পারে ভিক্টর লিন্ডেলোফকে। হেইনের জায়গায় নামতে পারেন তরুণ প্রতিভা লুকাস বার্গভাল। টটেনহ্যামের এ মিডফিল্ডার আরেক তরুণ ইয়াসিন আইয়ারির সঙ্গে জুটি বাঁধবেন।

আরও পড়ুন

×