প্যারাগুয়ের কাছে হেরে জার্মান কোচ বললেন, আমরা আর শীর্ষ সারির দল নই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১২:৪৬
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর থেকে প্যারাগুয়েজুড়ে বইছে উৎসবের আমেজ। দেশটিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। তার ঠিক উল্টো চিত্র জার্মান শিবিরে। প্যারাগুয়ের কাছ হার যেন দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে জার্মানির সামনে। জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান স্বীকার করে নিয়েছেন, এমন পরাজয়ের পর তার দলকে আর যাই হোক, শীর্ষ সারির দল বলা যায় না।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বোস্টনে রাউন্ড অব ৩২-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে। এদিন নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল দুই দল। এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে না পারার পর এবার প্রথম নকআউট ম্যাচ থেকে বিদায় নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে নাগেলসমান বলেন, ‘প্যারাগুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার স্বাদটা অনেক তেঁতো। অনেক কষ্টের। এটা টানা তৃতীয়বার বিদায়। তাই আমরা আর শীর্ষ সারির দলের মধ্যে নেই।’
ম্যাচে জার্মানি ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। কিন্তু প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে তারা ব্যর্থ হয়। এর মধ্যে জুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুটআউটে এটাই জার্মানির প্রথম পরাজয়।
জার্মানির সাবেক মিডফিল্ডার থমাস হিটজলস্পার্গার মনে করেন, সমস্যা শুধু একটি টুর্নামেন্টের মধ্যে আটকে নেই। তার মতে, অতীতে যেসব গুণাবলি জার্মান ফুটবলকে আরও ভয়ঙ্কর করে তুলত, সেটাই তারা হারিয়ে ফেলেছে।
হিটজলস্পার্গার বিবিসি স্পোর্টসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জার্মানিতে খেলোয়াড় গড়ে তোলার পুরো প্রক্রিয়া ছিল পাসিং, খেলার ধরন আর কৌশলগত উদ্ভাবন নিয়ে। কিন্তু একটা জিনিসে হয়তো আমরা যথেষ্ট মনোযোগ দিইনি, আর সেটা হলো একটু ধার থাকা।’
তিনি আরও বলেন, ‘আমরা সেই ফিয়ার ফ্যাক্টরটাও হারিয়ে ফেলেছি, যা একসময় প্রতিপক্ষ দলগুলোকে ভয় পাওয়াত। অন্য দলগুলো হয়তো আমাদের সম্মান করে। কিন্তু এখন আর ভয় পায় না। আমাদের হারানো এখন আর কঠিন কিছু নয়। আমাদের সেই শারীরিক উপস্থিতিও আর নেই, যা একসময় ছিল।’
- বিষয় :
- জার্মানি
- প্যারাগুয়ে
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- নকআউট
