বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১২:২২ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১২:২৩
ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও পরাজয়ের স্বাদ পেয়েছে ডিআর কঙ্গো। শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচের পাশাপাশি টুর্নামেন্ট থেকেও ছিটকে পড়েছে তারা। সেই দুঃখ কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারানোর খবর পেলেন কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে বাবার মৃত্যুর সংবাদ শোনেন কঙ্গোর কোচ।
বুধবার রাতে আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারের পর সংবাদ সম্মেলনের মাঝপথেই দেসাব্রে জানতে পারেন, তার বাবা আর বেঁচে নেই। খবরটি শুনে তিনি স্তব্ধ হয়ে যান, কয়েক মুহূর্তের জন্য তার মুখ থেকে কোনো কথা বের হয়নি।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগমুহূর্তে কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের কর্মকর্তা জেরি কালেমো কোচের বাবার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমাদের গভীর সমবেদনা।’
বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার আগে ম্যাচ ও দলের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের বিশ্লেষণ শেষ করেন দেসাব্রে। সেখানে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘যতটা না হতাশ, তার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্যিই হতাশার। এবারের টুর্নামেন্টে আমরা সবমিলিয়ে ৫টি গোল করেছি। আমাদের চেয়ে অনেক ওপরের র্যাঙ্কিংয়ের দলগুলোর বিরুদ্ধে খেলে ভালো ফল এনেছি।’
১৯৭৪ সালের পর কঙ্গো এবারই প্রথম বিশ্বকাপে খেলেছে। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের লড়াই করেও শেষ ৩২-এর টিকিট পায় দলটি। কিন্তু শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে সামনে ছিল ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ। সেখানেও দারুণ লড়াই করেছে দেসাব্রের দল। ৭ মিনিটে গোলের দেখা পায় তারা। সেই লিড ৭৫ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল আফ্রিকান দলটি। কিন্তু শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হয় কঙ্গোর।
- বিষয় :
- ডিআর কঙ্গো
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
