বন্ধু মডরিচকে জড়িয়ে কী বলেছিলেন রোনালদো?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৩:২২
টরন্টোর বিএমও ফিল্ডে তখন শেষ বাঁশি বেজে গেছে। ভিএআরের সিদ্ধান্তে শেষ মুহূর্তের সমতাসূচক গোল বাতিল হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ। বিশ্বকাপের মঞ্চে সম্ভাব্য শেষ ম্যাচের এমন নির্মম বিদায় কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৪০ বছর বয়সী এই কিংবদন্তি।
সেই সময়ই নিজের দলের উদযাপন ছেড়ে পুরোনো বন্ধুর দিকে এগিয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সতীর্থকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় পর্তুগিজ অধিনায়ককে। সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফুটবলপ্রেমীদের মনে তখন একটাই প্রশ্ন, মডরিচকে তখন কী বলেছিলেন রোনালদো?
শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো জানান, সান্তিয়াগো বার্নাব্যুর সেই সোনালি দিনের সঙ্গীকে সান্ত্বনা দিতেই তিনি ছুটে গিয়েছিলেন।
ম্যাচ শেষে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি লুকার সঙ্গে অনেক বছর খেলেছি। আমাদের বয়সও প্রায় কাছাকাছি। এই বয়সেও সে যেভাবে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে, সেটা সত্যিই অসাধারণ। সে ফুটবল ইতিহাসের একজন জীবন্ত কিংবদন্তি। আমি তাকে জড়িয়ে ধরে শুধু বলেছি, তুমি ক্যারিয়ারে যা অর্জন করেছ, তার জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আবার দেখা হওয়াটা আমার জন্য আনন্দের। বন্ধু, তোমার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা।’
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ছয় বছর একসঙ্গে খেলেছেন রোনালদো ও মডরিচ। এই সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসসহ লা লিগা ও কোপা দেল রের একাধিক ট্রফি জিতেছেন তারা। বিশ্ব ফুটবলের অন্যতম সফল জুটির একজন ছিলেন এই দুই তারকা। কিন্তু টরন্টোর রাতে বিশ্বকাপের নির্মম বাস্তবতায় দুজনের পথ আলাদা হয়ে গেল। একজনের স্বপ্ন বেঁচে রইল, অন্যজনের শেষ হলো চোখের জলে।
যদিও খেলা চালিয়ে যাওয়া বা অবসর প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এখনও জানাননি মডরিচ। পর্তুগালের কাছে হারের ক্রোয়েশিয়া কোচ দালিচ অবশ্য বলেছেন, ‘হয়তো’ এটিই শেষ বিশ্বকাপ মদ্রিচের। তবে চূড়ান্ত কিছু বলেননি তিনিও, ‘কেবল ঈশ্বরই জানেন, পরের চার বছরে কী হবে। দেখব আমরা। ক্রোয়েশিয়ায় ফিরে আমরা কথা বলব এটা নিয়ে।’
