ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ক্রোয়েশিয়াকে হারানো পর্তুগালের প্রতিপক্ষ কারা?

ক্রোয়েশিয়াকে হারানো পর্তুগালের প্রতিপক্ষ কারা?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৫:৫০

বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে তুলনামূলক বড় প্রতিপক্ষই পেয়েছিল পর্তুগাল। তবে রোমাঞ্চ ও নাটকীয়তা সঙ্গী করে সেই বাধা সফলভাবেই উতরে গেছে দলটি। নাটকীয়তায় ভরা ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

শেষ ষোলোতেও পর্তুগালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শিরোপার অন্যতম দাবিদার স্পেন। আগামী মঙ্গলবার (৭ জুলাই) ডালাসে মুখোমুখি হবে দুই দল। এদিন বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।  

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের দিনই অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পেন। দারুণ ছন্দে থাকা স্পেনকে হারাতে পর্তুগালকে কঠিন লড়াই করতে হবে।

এদিকে স্পেন-বাধা অতিক্রম করতে পারলে কোয়ার্টার ফাইনালে ‘কিছুটা সহজ প্রতিপক্ষ’ পাবে পর্তুগাল। শেষ ষোলোতে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্য ম্যাচে যারা জিতবে, কোয়ার্টার ফাইনালে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে পাবে পর্তুগাল ও স্পেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। সেই ম্যাচটি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

পর্তুগাল সেমিফাইনালে উঠলে পেতে পারে ফ্রান্সকে। হিসাব বলছে, ফ্রান্স, কানাডা, মরক্কো অথবা প্যারাগুয়ে সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হতে পারে। তবে পর্তুগাল হয়তো আপাতত এতকিছু ভাবছে না। এই মুহূর্তে হয়তো স্পেন ম্যাচ নিয়েই ভাবছে রবার্তো মার্তিনেজের দল।

শেষ বত্রিশ কিংবা শেষ ষোলোতে এমন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার নিজেদেরকেই দায়ী করতে পারে পর্তুগাল। কেননা কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পাওয়ার আগ পর্যন্ত তাদের সামনে বড় কোনো বাধা থাকত না। কিন্তু সেটি তারা করতে পারেনি। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘কে’ গ্রুপের দ্বিতীয় হয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে পর্তুগাল।

আরও পড়ুন

×