ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইংল্যান্ডকেও ঘুমাতে দেবে না মেক্সিকো?

ইংল্যান্ডকেও ঘুমাতে দেবে না মেক্সিকো?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৩:৩৫ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৪:১৩

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণ মাঠে গড়াতে এখনো কিছুটা সময় বাকি। তবে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেক্সিকো সিটিতে পৌঁছেই বৈরী পরিবেশের মুখে পড়েছে ইংল্যান্ড দল। টিম বাস হোটেলের সামনে থামতেই কেইন, বেলিংহ্যাম ও সাকাদের উদ্দেশে শুরু হয় দুয়োধ্বনি, শিস আর স্লোগান। মহারণে নামার আগেই ইংলিশদের মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করছেন স্বাগতিক সমর্থকরা।

সম্ভাব্য বজ্রঝড়ের আশঙ্কা থাকলেও ফিফা শেষ পর্যন্ত ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

মেক্সিকো সিটির নির্ধারিত টিম হোটেলের সামনে থমাস টুখেলের শিষ্যরা পৌঁছাতেই সেখানে জড়ো হন শত শত মেক্সিকান সমর্থক। হ্যারি কেইনসহ ইংল্যান্ডের তারকারা বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই চারপাশে বেজে ওঠে দুয়োধ্বনি, বিদ্রূপাত্মক শিস আর ‘মেক্সিকো! মেক্সিকো!’ স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেলের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও বড় ব্যারিকেড বসাতে হয় স্থানীয় প্রশাসনকে।

তবে এমন বৈরী পরিবেশে বিচলিত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি ইংল্যান্ড কোচ থমাস টুখেলের মধ্যে। বাস থেকে নেমে শান্তভাবেই হোটেলের দিকে হাঁটেন তিনি। এমনকি হাসিমুখে কয়েকজন সমর্থকের দিকে হাত নেড়েও শুভেচ্ছা জানান।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে নিজেদের টিম হোটেলের অবস্থান গোপন রাখার চেষ্টা করেছিল ইংল্যান্ড। এর পেছনে ছিল শেষ বত্রিশে ইকুয়েডরের তিক্ত অভিজ্ঞতা। সেই ম্যাচের আগের রাতে ইকুয়েডরের টিম হোটেলের বাইরে শত শত মেক্সিকান সমর্থক আতশবাজি ফুটিয়ে, ড্রাম বাজিয়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে গভীর রাত পর্যন্ত তুমুল শব্দ করেন। ফলে ঠিকমতো বিশ্রাম নিতে পারেননি ইকুয়েডরের ফুটবলাররা।

সেই অভিজ্ঞতা থেকেই সতর্ক ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অবস্থান গোপন রাখা সম্ভব হয়নি। ম্যাচের আগেই টিম হোটেল অবরুদ্ধ করে হুঙ্কার ছাড়ছে স্বাগতিক সমর্থকরা। এতেই স্পষ্ট, আজতেকা স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের জন্য অপেক্ষা করছে আরও বৈরী এক পরিবেশ।

আরও পড়ুন

×